১৯৯৩ সাল, সেবাস্তিয়াও সালগাদো প্রকাশ করেন তাঁর যুগান্তকারী আলোকচিত্র গ্রন্থ Workers: An Archaeology of the Industrial Age। বইটির প্রতিটি ছবি যেন মানবশ্রমের, অবজ্ঞার, সংগ্রামের এক একটি ইতিহাস। ছবিগুলোতে দেখা যায় বিশ্বজুড়ে হাজারো খনি শ্রমিক, জাহাজ ভাঙা শ্রমিক, ধাতু গলানো মজুর কিংবা খোলা আকাশের নিচে খেটে চলা কৃষক। এই কাজটি শুধুই শ্রমের নান্দনিক দলিল নয়; বরং এটি এক ধরণের প্রতিবাদ—শ্রমিকের মুখ আর ঘামে লেখা সেই গল্প, যেটা পুঁজিবাদী উন্নয়নের উচ্ছ্বাসে চেপে রাখা হয়।
সেবাস্তিয়াও সালগাদো জন্মগ্রহণ করেন ১৯৪৪ সালে, ব্রাজিলের মিনাস জেরাইসে। প্রথমে তিনি পড়াশোনা করেন অর্থনীতিতে, ফ্রান্সের সোরবোন বিশ্ববিদ্যালয়ে পিএইচডিও করেন। তাঁর পেশাজীবন শুরু হয় আন্তর্জাতিক সংস্থায় অর্থনীতিবিদ হিসেবে। কিন্তু তিনি নিজেই একদিন স্ত্রীর ক্যামেরা হাতে নিয়ে আফ্রিকায় একটি প্রকল্পের সময় বুঝে যান—পরিসংখ্যান মানুষের চোখে জল আনে না, কিন্তু একটি ছবি পারে। সেই দিন থেকে ক্যামেরাই হয়ে ওঠে তাঁর জীবনের ভাষা। এই রূপান্তর কেবল পেশাগত নয়, দৃষ্টিভঙ্গিগত। অর্থনীতি বলছিল ‘সংখ্যা’, কিন্তু সালগাদো দেখতে চাইছিলেন মানুষ। ফলে তাঁর ফটোগ্রাফি শুধুমাত্র আলোকচিত্র হয়ে থাকেনি; তা হয়ে উঠেছে নৈতিকতার দৃষ্টিভঙ্গি, ন্যায়ের এক মৌন দলিল।
১৯৯০-এর দশকে সালগাদো শুরু করেন আরেক বিশাল প্রকল্প Exodus, যা প্রকাশিত হয় ২০০০ সালে। এখানে তিনি বিশ্বজুড়ে উদ্বাস্তু মানুষদের জীবন তুলে ধরেন, যারা যুদ্ধ, দারিদ্র্য, জাতিগত নিপীড়ন বা পরিবেশগত বিপর্যয়ের কারণে নিজ ভূমি থেকে উৎখাত। এই প্রকল্পটি ছিল অন্তর্জাগতিক ও আন্তর্জাতিক—বসনিয়া, রুয়ান্ডা, ইথিওপিয়া, ফিলিস্তিন, আফগানিস্তান থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা পর্যন্ত ছড়িয়ে ছিল এই ক্যামেরার যাত্রা। এখানে তিনি শুধু ভুক্তভোগীদের নয়, রাষ্ট্র ও পুঁজিবাদের নীতিগত নিষ্ঠুরতাকেও প্রশ্নবিদ্ধ করেন। তাঁর ক্যামেরা জিজ্ঞেস করে কারা ইতিহাস লেখে? কারা তাড়িয়ে বেড়ায়, আর কারা হারিয়ে যায়?
সালগাদোর সব কাজ মূলত সাদা-কালো, কারণ তিনি মনে করতেন রঙ দৃশ্যপটকে দৃষ্টি বিভ্রান্ত করে, যেখানে সাদাকালো দেখায় আত্মা। আলোকচিত্র হয়ে ওঠে আত্মদর্শনের মাধ্যম—এক ধরণের “visual phenomenology”, যেখানে দর্শক ছবির পেছনে মানুষটির আর্তি, ক্ষুধা, সংগ্রাম কিংবা নীরবতা অনুভব করেন। ফরাসি দার্শনিক মেরল্যু-পন্তির মতো সালগাদোও বিশ্বাস করতেন, দর্শন শুধু যুক্তি দিয়ে নয়, ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা যায়। তাঁর প্রতিটি ছবি যেন সেই দার্শনিক সংলাপ।
২০০৪ সাল থেকে শুরু করে প্রায় আট বছর ধরে তিনি কাজ করেন প্রকৃতি ও পৃথিবীর “অন্য রূপ” নিয়ে। Genesis প্রকল্পে তিনি চেষ্টা করেন এমন অঞ্চলগুলোর ছবি তোলার, যেগুলো আধুনিক সভ্যতা এখনও স্পর্শ করেনি। আর্কটিকের বরফ, আফ্রিকার মরুভূমি, অ্যামাজনের গভীর জঙ্গল, ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি—সব জায়গায় দেখা যায় এক নীরব সুন্দর।
এর ধারাবাহিকতায় আসে Amazônia (২০২১), সেখানে তিনি অ্যামাজনের আদিবাসী গোষ্ঠী ও প্রাকৃতিক পরিবেশের অসাধারণ দলিল তৈরি করেন। কিন্তু এগুলো নিছক সৌন্দর্যের ফ্রেম নয়—এগুলো এক প্রকার প্রতিবাদ: পরিবেশ ধ্বংস, কলোনিয়ালিজম, এবং সাংস্কৃতিক নিধনের বিরুদ্ধে এক শৈল্পিক আঘাত। ১৯৯৮ সালে সালগাদো এবং তাঁর স্ত্রী লেলিয়া Instituto Terra— নামে একটি বনায়ন ও পরিবেশপুনরুদ্ধার কেন্দ্র প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে ১৭০০ একর উজাড় হয়ে যাওয়া জমিতে প্রায় ৩০ লাখ গাছ রোপণ করা হয়।
তাঁর কাজকে অনেকেই তুলনা করেন ইউজিন স্মিথ, ডরোথি ল্যাং এবং ওয়াকার ইভান্স-এর সঙ্গে। কিন্তু সালগাদো আলাদা, তিনি শুধু দৃশ্য তুলে ধরেননি, তিনি ইতিহাসের প্রশ্ন তুলে ধরেছেন। ২৩ মে ২০২৫ সালে সালগাদো পৃথিবী থেকে বিদায় নেন। কিন্তু তিনি রেখে যান এমন এক ক্যামেরা-দর্শন, যা নিছক প্রযুক্তি নয়, বরং দৃষ্টিভঙ্গির সংস্কৃতি। তাঁর প্রতিটি ছবি এক একটি প্রশ্ন: “এই মানুষটা যাকে আমরা দেখছি, তার জন্য আমাদের দায় কোথায়?”


