সোশ্যাল মিডিয়া আজকের ডিজিটাল যুগে শুধু সামাজিক সংযোগের মাধ্যম নয়, বরং অর্থনৈতিক লেনদেন ও বিনিয়োগের নতুন ক্ষেত্রও হয়ে উঠেছে। বিশেষ করে ‘ফিনফ্লুয়েন্সার’ (Financial Influencer) হিসেবে পরিচিত ব্যক্তিরা—যারা আর্থিক পরামর্শ, বিনিয়োগের দিকনির্দেশনা, ক্রিপ্টোকারেন্সি, স্টক মার্কেট, ব্যাংকিং পণ্য ও সঞ্চয়-ব্যয় সম্পর্কিত কন্টেন্ট তৈরি করেন তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই ফিনফ্লুয়েন্সাররা তাদের বিশাল ফলোয়ার বেজের মাধ্যমে প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে বিনিয়োগ ও অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাবিত করছেন। কিন্তু এই নতুন ধারাটির সঙ্গে জড়িয়ে রয়েছে বড় ধরনের ঝুঁকি, অসঙ্গতি ও নিয়ন্ত্রণের অভাব, যা বিভিন্ন দেশের সরকারের নজরে এসেছে।
ফিনফ্লুয়েন্সাররা সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত সম্পর্কে সহজবোধ্য ও আকর্ষণীয় উপস্থাপনা করে সাধারণ মানুষকে আকৃষ্ট করেন।অনেক সময় তারা স্টক মার্কেট, ক্রিপ্টোকারেন্সি, মিউচুয়াল ফান্ড, বীমা বা ঋণ পণ্যের প্রতি উৎসাহ দিয়ে থাকে। তাদের প্রভাব এমনকি অনেক সময় প্রচলিত আর্থিক প্রতিষ্ঠান ও পরামর্শদাতাদের থেকেও বেশি হতে পারে। তরুণ প্রজন্ম ও অর্থনৈতিক শিক্ষায় কম পারদর্শী জনগোষ্ঠী তাদের কথায় সহজেই প্রভাবিত হয়, যা অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিপদের কারণও হয়ে দাঁড়াতে পারে।
তবে ফিনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে বড় সমস্যা হলো তাদের তথ্য ও পরামর্শের সত্যতা যাচাই করা কঠিন। অনেক ক্ষেত্রেই তারা বিনিয়োগের ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনা স্পষ্ট করে তুলে ধরেন না। এছাড়া কিছু ফিনফ্লুয়েন্সার নিজের লাভের জন্য ভুয়া তথ্য বা প্রোপাগান্ডা ছড়িয়ে দেন, যা সাধারণ বিনিয়োগকারীকে ভুল পথে পরিচালিত করতে পারে। ক্রিপ্টোকারেন্সি বা নতুন আর্থিক পণ্যের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি।
বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে অল্প জ্ঞান থাকা মানুষেরা সহজেই লোভ বা আকর্ষণীয় প্রমোশনে আড়াল হয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এর ফলে ব্যক্তিগত অর্থনৈতিক নিরাপত্তা বিপন্ন হয় এবং সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ে।
এইসব ঝুঁকি ও অপব্যবহারের কারণেই বিভিন্ন দেশ সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো ফিনফ্লুয়েন্সারদের ওপর নিয়ন্ত্রণ জোরদার করছে। যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল কনডাক্ট অথরিটি (FCA) \ যারা সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগ ও আর্থিক পরামর্শ দেয়ার মাধ্যমে ভুয়া বা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে নজর দিয়েছে। তারা ফিনফ্লুয়েন্সারদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে চায় এবং কঠোর শৃঙ্খলা প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে।
FCA জানিয়েছে, যারা ফিনফ্লুয়েন্সার তারা অবশ্যই বিনিয়োগের ঝুঁকি, খরচ ও লাভ-ক্ষতির সম্ভাবনা স্পষ্টভাবে জানাতে হবে। আর্থিক পরামর্শ দিতে হলে তাদের অবশ্যই আইনসম্মত লাইসেন্স থাকতে হবে। অন্যথায় তারা দণ্ডনীয় অপরাধে পতিত হবে। এর ফলে ফিনফ্লুয়েন্সারদের ভূমিকা স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আসবে।
বাংলাদেশে ফিনফ্লুয়েন্সারদের কার্যক্রম তেমন নিয়ন্ত্রিত না থাকলেও সম্প্রতি বিভিন্ন আর্থিক প্রতারণার ঘটনা এবং ক্রিপ্টোকারেন্সির ঝুঁকির কারণে সচেতনতা বাড়ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলো সোশ্যাল মিডিয়ায় আর্থিক পরামর্শ প্রদানে সতর্কতা জারি করেছে এবং বিনিয়োগকারীদের সচেতন হতে বলেছে।
ফিনফ্লুয়েন্সাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থনৈতিক সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তাদের তথ্য ও পরামর্শের বিশ্বাসযোগ্যতা ও সততার বিষয়টি অত্যন্ত গুরুত্বর্পূণ। বিনিয়োগকারীদের উচিত সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত তথ্যকে কেবল উৎস হিসেবে ব্যবহার করে পেশাদার পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করা। একই সঙ্গে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর উচিত সোশ্যাল মিডিয়ার এই অর্থনৈতিক দুনিয়ায় স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করা, যাতে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা নিশ্চিত হয়। সোশ্যাল মিডিয়ার এই নতুন অর্থনৈতিক প্রভাবের জগতে সতর্কতা, জ্ঞান আর দায়িত্বশীলতার সমন্বয়ে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।


