সভ্যতার প্রতিটি স্তরে কিছু অমীমাংসিত প্রশ্ন থাকে। মিশরের পিরামিড কীভাবে গড়া হয়েছিল? কে প্রথম সূর্য পূজা শুরু করেছিল? কিংবা কোন প্রযুক্তিতে হাজার বছর আগে পাথরের ওপর এমন নিখুঁত ভাস্কর্য তৈরি করা সম্ভব হয়েছিল?
এইসব প্রশ্নের ভেতরেই জন্ম নেয় বিতর্কিত কিন্তু দারুণ জনপ্রিয় তত্ত্ব Ancient Astronaut Theory। এই তত্ত্ব অনুসারে প্রাচীনকালে ভিনগ্রহী প্রাণীরা পৃথিবীতে এসেছিলেন, যাদের অভিজ্ঞতা, প্রযুক্তি এবং উপস্থিতি মানবসভ্যতার ধর্ম, স্থাপত্য ও বিজ্ঞানের ওপর সুস্পষ্ট প্রভাব ফেলেছে।
এই তত্ত্বের জনপ্রিয়তা শুরু হয় ১৯৬৮ সালে এরিখ ভন ড্যানিকেন-এর লেখা Chariots of the Gods? বইটি প্রকাশের পর। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা প্রাচীন নিদর্শন, যেমন বিশাল পিরামিড, অসাধারণ খোদাই, রহস্যময় দেবতাদের চিত্র এসব কিছুই হতে পারে এমন কিছুর প্রমাণ, যা মানুষ একা করতে পারেনি।
ভন ড্যানিকেনের বক্তব্য ছিল, মানুষের অতীত ইতিহাসের পেছনে এক ‘অদৃশ্য প্রযুক্তি’ কাজ করেছিল, যা হয়তো ছিল ভিনগ্রহী কোনো বুদ্ধিমত্তার ফল।
তত্ত্বটি শুধু অনুমাননির্ভর নয়, অনুসারীরা একে বাস্তবতার নানা নিদর্শনের সঙ্গে যুক্ত করে বিশ্লেষণ করেন। কিছু বিখ্যাত প্রমাণ হলো:
মিশরের পিরামিড:
খ্রিস্টপূর্ব ২৫৬০ সালে গিজার পিরামিড নির্মাণ হয়েছিল বলে জানা যায়। প্রতিটি পাথরের ব্লক ওজন ২.৫ টন, যা ২০ লাখেরও বেশি ব্লকে নির্মিত। এত বিশাল কাঠামো যেখানে কোন ধাতব সরঞ্জামের ব্যবহারও ছিল না কি করে এত নিখুঁতভাবে নির্মাণ করা সম্ভব? অনেকে বলেন, এর পেছনে থাকতে পারে উন্নত প্রযুক্তির সহায়তা।
নাসকা লাইনস (পেরু):
পৃথিবীর মাটিতে আঁকা প্রায় ৮০ মিটার দৈর্ঘ্যের চিত্রকর্ম, যেটি শুধুমাত্র আকাশ থেকে দেখা যায়। এসব রেখার মধ্য দিয়ে বানানো হয়েছে বানর, পাখি, অদ্ভুত জীব ও জ্যামিতিক আকৃতি। ভূমি থেকে না দেখে এত নিখুঁত আঁকাজোকা কীভাবে সম্ভব হয়েছিল?
ইনকা সভ্যতার মাচু পিচু ও অলমেক ভাস্কর্য:
বিশাল পাথরের ব্লক এমনভাবে কাটা ও জোড়া লাগানো হয়েছে যাতে সূক্ষ্ম সুতো পর্যন্ত ঢুকানো যায় না। আধুনিক কালের লেজার কাটিং ছাড়া এত নিখুঁত নির্মাণ কি সম্ভব?
ভারতের প্রাচীন সাহিত্য:
‘রামায়ণ’-এ পুষ্পক রথ বা আকাশযানের বিবরণ দেওয়া আছে। ‘মহাভারত’-এ রয়েছে “দেবতাদের যুদ্ধ”, “অগ্নিবাণ”, এমনকি আণবিক বিস্ফোরণের বর্ণনাও। এগুলো কি স্রেফ কল্পনা? নাকি ভিনগ্রহী প্রযুক্তির প্রতিফলন?
ধর্মগ্রন্থে ভিনগ্রহীদের ছায়া?
বাইবেলের ইজেকিয়েল নামক এক নবী আকাশ থেকে আগত একটি জ্বলজ্বলে চক্রাকার যানের বর্ণনা দেন। তত্ত্বকারীদের মতে, এটি হতে পারে একটি UFO বা ভিনগ্রহী যান। সুমেরীয় সভ্যতায় ‘অ্যানুনাকি’ নামে কিছু দেবতার কথা বলা হয়, যারা ‘আকাশ থেকে নেমে এসেছিল’ এবং মানুষকে চাষাবাদ, গণনা, বিজ্ঞান শেখায়। এই ‘অ্যানুনাকি’দের অনেকেই মনে করেন অন্য গ্রহ থেকে আগত প্রাণী।
এই তত্ত্বের আরও জনপ্রিয়তা আসে History Channel-এর Ancient Aliens প্রামাণ্যচিত্র সিরিজের মাধ্যমে। Giorgio Tsoukalos সহ বেশ কয়েকজন তত্ত্বকার এই ধারনাটি আরও বিস্তৃত করেন। তারা বলেন, শুধু স্থাপত্য নয় পুরাকথা, ধর্মীয় চিত্রশিল্প, এমনকি DNA-তেও রয়েছে সেই আগন্তুকদের ছাপ।
তবে সমালোচনারও অভাব নেই। মূলধারার প্রত্নতত্ত্ববিদ ও ইতিহাসবিদরা বলেন:এই তত্ত্ব মানব ইতিহাস ও স্থানীয় সংস্কৃতির অবমূল্যায়ন করে। প্রাচীন মানুষের অসাধারণ কল্পনা, প্রযুক্তি ও পরিশ্রমকে অস্বীকার করা হয়। কোনো শক্তিশালী বৈজ্ঞানিক প্রমাণ নেই যা এই তত্ত্বকে নির্ভরযোগ্য করে তোলে। একাধিক গবেষক বলেন, এটা একধরনের ইউরো-সেন্ট্রিক চিন্তা বিশেষ করে যখন আফ্রিকান, ল্যাটিন আমেরিকান বা ভারতীয় সভ্যতার কৃতিত্বকে ‘ভিনগ্রহীদের’ বলে চালানো হয়।
তত্ত্বটি সত্য হোক বা না হোক, এটা মানুষের এক চিরন্তন জিজ্ঞাসার প্রতিফলন, মানুষ কি সত্যিই শুধুমাত্র নিজের শক্তিতে এই সভ্যতা গড়েছে, নাকি আমাদের অতীতে এসেছিল এমন কেউ, যাদের আমরা ঈশ্বর, দেবতা কিংবা ‘আকাশের অতিথি’ হিসেবে চিহ্নিত করেছি?
আজকের দিনে যতই বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, ততই এই প্রশ্নগুলো নতুন গুরুত্ব পাচ্ছে। UFO-র ভিডিও ফাঁস, NASA ও Pentagon-এর স্বীকারোক্তি সব মিলিয়ে এ তত্ত্ব হয়তো খুব শীঘ্রই আর শুধুই কল্পনা থাকবে না।
‘প্রাচীন নভোচারী’ তত্ত্ব কোনো পবিত্র সত্য নয়, আবার সম্পূর্ণ বাতিলযোগ্যও নয়। এটি একটি দরজা খুলে দেয় যা দিয়ে আমরা অতীতকে নতুন দৃষ্টিতে দেখতে পারি।


