জনপ্রশাসন সংস্কার কমিশন অনলাইনে ১ লাখ ৫ পাঁচ হাজার নাগরিকের মতামত নিয়ে জরিপ করেছে। নির্ধারিত প্রশ্নের বাইরে উন্মুক্তভাবে মতামত দেওয়ারও সুযোগ ছিলো জরিপে। ৮ ফেব্রুয়ারি প্রকাশিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনে জরিপের ফলাফল দেয়া হয়েছে। সেখান থেকে কিছু উল্লেখযোগ্য তথ্য –
- ৮০% উত্তরদাতা মনে করেন, দেশের জনপ্রশাসন ব্যবস্থা জনবান্ধব নয়। ৬৬.৪% মানুষ মনে করেন, সরকারি কর্মচারীরা নাগরিকদের সাথে শাসকের মতো আচরণ করেন।
- ৫৬% মানুষ মনে করেন, জনপ্রশাসনকে জনবান্ধব করার পথে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে রাজনৈতিক হস্তক্ষেপ। আর ৪২% মানুষের মতে, দুর্নীতিই হচ্ছে প্রধান বাধা।
- ৫২% উত্তরদাতার মতে, জবাবদিহি নিশ্চিত করা হবে জনপ্রশাসন সংস্কারের প্রধান কাজ। ৩৬% মতে দুর্নীতি দূর করতে পারা হচ্ছে আসল কাজ।
- প্রায় ৯৬% মানুষের অভিজ্ঞতা হচ্ছে জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব রয়েছে।
- জরিপে অংশগ্রহণকারী ৫২% উত্তরদাতা জানিয়েছেন, ঘুষ ছাড়া কোনো সেবা পাওয়া যায় না। ৪৬% মতে, তারা সেবা চাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন।
- প্রায় ৭৬% উত্তরদাতা মনে করেন, বিদ্যমান উপজেলা পদ্ধতি শক্তিশালী করে ভালো সেবা পাওয়া যেতে পারে। ৬৮% উত্তরদাতার মতে, বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা মোটেই কার্যকর নয়। ৪৭% উত্তরদাতা মনে করেন, বিদ্যমান ইউনয়িন পরিষদ ও পৌরসভাকে শক্তিশালী করে জনপ্রশাসনের সাথে সম্পৃক্ত করা যেতে পারে।
- ৫৭% উত্তরদাতা মনে করেন, এমন কঠোর আইন প্রণয়ন করা উচিত যাতে সরকারি কর্মচারীরা রাজনৈতিক চাপে প্রভাবিত না হন। মাত্র ৪% নাগরিক মনে করেন, বেতন ও সুযোগ-সুবিধা বাড়ালে ঘুষ-দুর্নীতি কমে যেতে পারে।


