আমেরিকার অভিবাসন এবং শুল্ক দফতর প্রায় ১৫ লক্ষ অবৈধ অভিবাসীর তালিকা তৈরি করে তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। আর সেই ‘প্রথম দফার তালিকা’য় রয়েছেন ১৭ হাজার ৯৪০ জন ভারতীয় নাগরিক আগামী ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরে প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হবে। সরকারি তথ্য, আমেরিকায় অবৈধ ভারতীয়র সংখ্যা প্রায় ৭ লক্ষ ২৫ হাজার। মেক্সিকো এবং এল সালভাডর ছাড়া অন্য কোনও দেশ থেকে এত বেআইনি অভিবাসন হয়নি সে দেশে।
শুধু অবৈধ অভিবাসীরাই নন, ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে ঘোের অনিশ্চয়তার সামনে পড়বে আমেরিকার অন্তত আড়াই লক্ষ ভারতীয় বংশোদ্ভূতের ভবিষ্যৎ। আমেরিকার সংবিধানে বলা আছে, আমেরিকায় জন্মালেই সে আমেরিকার নাগরিক; এই আইনটিই পাল্টে দিতে চাইছেন ট্রাম্প। নয়া আইনে মা বা বাবার মধ্যে অন্তত এক জন আমেরিকার নাগরিক হলেই সন্তান সে দেশে জন্মালে ‘জন্মসূত্রে নাগরিকত্ব’ পাবে। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির নিশানায় আরও রয়েছেন লক্ষ লক্ষ মানুষ যাঁরা আইনসিদ্ধ ভাবে, কোনও না কোনও ভিসা নিয়ে, আমেরিকায় বসবাস এবং কাজ করছেন। ট্রাম্পের দাবি, ওই আইনি অভিবাসীরা আমেরিকার নাগরিকদের কাজের সুযোগ কেড়ে নিচ্ছেন।


