পোস্ট-মডার্নিজম (Post-modernism) হলো একটি সাংস্কৃতিক, দার্শনিক ও বৌদ্ধিক আন্দোলন যা ২০শ শতকের মাঝামাঝি সময় থেকে শুরু হয় এবং আধুনিকতাবাদ, (Modernism)-এর প্রতিক্রিয়া হিসেবে গড়ে ওঠে। এটি একদিকে যেমন শিল্প, সাহিত্য ও স্থাপত্যে পরিবর্তন এনেছে, তেমনি সমাজ, রাজনীতি ও দর্শনের ক্ষেত্রেও গভীর প্রভাব ফেলেছে। পোস্ট-মডার্নিজম মূলত প্রচলিত কাঠামো, স্থির সত্য এবং সর্বজনীন ব্যাখ্যার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই প্রবন্ধে পোস্ট-মডার্নিজমের সংজ্ঞা, এর সমাজে প্রভাব এবং বর্তমান অবস্থার বিশ্লেষণ করা হবে। পোস্ট-মডার্নিজম এমন একটি দৃষ্টিভঙ্গি, যা আধুনিকতাবাদের যুক্তিনির্ভর ও সর্বজনীন সত্যের ধারণাকে চ্যালেঞ্জ করে। এটি একাধিক বাস্তবতা, বহুমাত্রিকতা ও আপেক্ষিক সত্যের ওপর জোর দেয়। পোস্ট-মডার্ন চিন্তাবিদদের মতে, জ্ঞান ও সত্য কেবল সামাজিক নির্মাণ (social construct) মাত্র, এবং এগুলো নির্দিষ্ট ক্ষমতাধর গোষ্ঠীর দ্বারা নিয়ন্ত্রিত হয়।
আধুনিকতাবাদ বড় গল্পের (যেমন বিজ্ঞান, উন্নয়ন, ইতিহাসের একক ব্যাখ্যা) ওপর নির্ভর করলেও, পোস্ট-মডার্নিজম এগুলোকে প্রশ্নবিদ্ধ করে। একক সত্যের বদলে, পোস্ট-মডার্নিজম বলে যে সত্য আপেক্ষিক এবং তা নির্ভর করে ব্যক্তির দৃষ্টিভঙ্গির ওপর।সাহিত্য ও শিল্পে পূর্ববর্তী রচনার সঙ্গে সম্পর্ক ও মিশ্রণের প্রবণতা দেখা যায়। পোস্ট-মডার্ন চিন্তাবিদ মিশেল ফুকো (Michel Foucault) ও জ্যাক দেরিদা (Jacques Derrida) ভাষার মাধ্যমে ক্ষমতা কিভাবে পরিচালিত হয় তা বিশ্লেষণ করেছেন।
পোস্ট-মডার্নিজম কোনো নির্দিষ্ট অর্থ বা একক দৃষ্টিভঙ্গি গ্রহণ করে না।
পোস্ট-মডার্নিজম শুধু দর্শন ও সাহিত্যেই নয়, সমাজের প্রতিটি স্তরে গভীর পরিবর্তন এনেছে। বিশেষ করে, একে দেখা যায় প্রযুক্তি, গণমাধ্যম, রাজনীতি এবং সংস্কৃতির ক্ষেত্রে। ডিজিটাল যুগে পোস্ট-মডার্ন চিন্তাধারা ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে। ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের উত্থান, তথ্যের বহুমুখিতা, সত্য ও মিথ্যার সীমার বিলোপড়এসব কিছু পোস্ট-মডার্ন ভাবনারই প্রতিফলন।উদাহরণস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনার একাধিক ব্যাখ্যা পাওয়া যায়, যা সত্যকে আপেক্ষিক করে তোলে। গণমাধ্যম গুলোতে ‘ফেক নিউজ’ বা বিকৃত তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে, যা পোস্ট-মডার্নিজমের “সত্যের আপেক্ষিকতা” ধারণার প্রতিফলন।
পোস্ট-মডার্ন চিন্তাধারা আধুনিক রাজনৈতিক প্রবণতাকেও পরিবর্তন করেছে। এখন আর কোনো নির্দিষ্ট আদর্শ বা মতবাদ এককভাবে প্রভাব বিস্তার করতে পারে না। জনগণ বিভিন্ন মতবাদকে একত্রিত করে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। উদাহরণ হিসেবে পপুলিজম (populism)-এর উত্থান বা বিকল্প রাজনৈতিক আন্দোলনের জন্ম দেওয়া যায়। পোস্ট-মডার্নিজমের সবচেয়ে বড় প্রভাব পড়েছে শিল্প ও স্থাপত্যে। এখানে বিন্যাসের নির্দিষ্ট নিয়ম ভেঙে ফেলা হয়েছে। স্থাপত্যে মারিনা তাবাসসুমের মতো স্থপতিরা নতুন ধরনের ডিজাইন তৈরি করেছেন, যেখানে স্থানীয় ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মিশ্রণ ঘটেছে। চিত্রকলা ও ভাস্কর্যেও বিমূর্ততা, প্যারোডি, ও বহুমাত্রিকতা দেখা যায়।
শিক্ষাক্ষেত্রে পোস্ট-মডার্নিজম বিশ্লেষণধর্মী চিন্তা ও বহুমাত্রিক দৃষ্টিভঙ্গিকে উৎসাহিত করে। এটি ঐতিহ্যবাহী একক পাঠ্যক্রমের বদলে বহুমাত্রিক জ্ঞানচর্চাকে গুরুত্ব দেয়। ইতিহাস এখন আর একক দৃষ্টিকোণ থেকে পড়ানো হয় না বরং বিভিন্ন সম্প্রদায়ের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা ইতিহাস গুরুত্ব পাচ্ছে। পোস্ট-মডার্নিজমের কারণে নৈতিকতার সংজ্ঞা পরিবর্তিত হয়েছে। এককভাবে ‘ভালো’ বা ‘মন্দ’ নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। বিশ্বায়ন ও মিডিয়ার কারণে সংস্কৃতি এখন একক পরিচয়ে আবদ্ধ নয়, বহুমাত্রিক ও পরিবর্তনশীল। লিঙ্গ, জাতি, ধর্মের মতো পরিচয় এখন আগের চেয়ে বেশি তরল হয়ে উঠেছে এবং এগুলো আপেক্ষিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে।
পোস্ট-মডার্নিজম আজকের বিশ্বে বিতর্কিত একটি বিষয়। একদিকে এটি বহুমাত্রিকতা ও স্বাধীনন্তার সুযোগ তৈরি করেছে, অন্যদিকে এটি বিভ্রান্তি, সত্যের আপেক্ষিকতা ও নৈতিক অরাজকতা বাড়িয়েছে। সমালোচনা করতে গেলে পোস্ট-মডার্নিজম কোনো নির্দিষ্ট সত্যকে স্বীকার করে না, ফলে এটি বিজ্ঞান ও যৌক্তিকতার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়াকে কঠিন করে তোলে। যখন সব কিছুই আপেক্ষিক হয়, তখন নৈতিকতার কোনো নির্দিষ্ট মাপকাঠি থাকে না। পোস্ট-মডার্নিজমের সত্যের আপেক্ষিকতা ধারণা অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর মতবাদ ও ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে। তবে প্রযুক্তি ও সামাজিক পরিবর্তনের ফলে পোস্ট-মডার্নিজম এখনো গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার ও বহুমাত্রিক চিন্তাধারা বজায় রাখার ক্ষেত্রে এটি সমানে অবদান রাখছে।


