মঙ্গলবার থেকে রাশিয়ার কাজানে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন। ২০ জনের বেশি রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণে এই সম্মেলনে নেতৃত্ব দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যেখানে যুক্তরাষ্ট্রের ডলার কেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিকল্প নিয়ে আসতে পারে পশ্চিম-বিরোধী এই জোট। বিবিসি ও সিএনএন। আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানদের মধ্যে রয়েছেন চীনের শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অসুস্থতার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন।
শুরুতে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিলকে নিয়ে আত্মপ্রকাশ করেছিল ব্রিকস। ২০১০ সালে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। এবছরের শুরুতে এই জোটে যোগ দেয় চার দেশ- সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও ইরান। উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত এই রাজনৈতিক ও অর্থনৈতিক জোটের জিডিপি সম্প্রতি পশ্চিমা জোট জি সেভেনকে ছাড়িয়ে যাওয়ার দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের সম্মেলনে ৪০টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছে। সেখান থেকে চারটি দেশকে এ বছর নতুন সদস্যপদ দিয়েছে জোটটি। এবারের সম্মেলনেও নতুন কয়েকটি দেশের নাম যোগ হতে পারে।
সিএনএন জানায়, শুক্রবার ব্রিকস বিজনেস ফোরামের বৈঠকে পুতিন বলেন, ব্রিকস জোট ও আগ্রহী দেশগুলো একসঙ্গে কাজ করলে তারা ‘একটি নতুন বিশ্বব্যবস্থা’ গড়ে তুলতে সক্ষম হবে। প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্রিকসের প্রধান লক্ষ্যগুলোর একটি ছিল, ডলারের বিকল্প একটি মুদ্রা ব্যবস্থা তৈরি করা। বর্তমানে যেকোনো আন্ত-রাষ্ট্রীয় বিনিয়োগ ও ঋণের ক্ষেত্রে মুদ্রা হিসেবে মার্কিন ডলার ব্যবহার করা হয়। বিশ্বব্যাংক নিয়ন্ত্রিত বৈশ্বিক আর্থিক ব্যবস্থার মূল মুদ্রাও মার্কিন ডলার। ডলারের এই আধিপত্য ভাঙতে ব্রিকস দেশগুলোকে নিয়ে একটি বিকল্প বাণিজ্যব্যবস্থা তৈরি করতে চায় রাশিয়া, যেখানে ডলার, ইউরো বা জি-৭ দেশের মুদ্রার প্রয়োজন পড়বে না। তখন আর (পশ্চিমা) নিষেধাজ্ঞা খুব একটা কাজে আসবে না।
শুরুতে কেবল একটি অর্থনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করলেও এখন ভূ-রাজনৈতিক সংঘাতগুলো নিয়েও মত প্রকাশ করছে ব্রিকস। এই সম্মেলনে একটি বড় আলোচনার বিষয় হতে পারে ইউক্রেন যুদ্ধ। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ছয় দফার একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করে চীন ও ব্রাজিল। এই সম্মেলনের আবার আলোচনায় ফিরতে পারে এই ছয় দফা। সিএনএন জানায়, এবারের সম্মেলনের একটি বড় অংশজুড়ে থাকবে মধ্যপ্রাচ্যের সংকট। ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস যোগ দিচ্ছেন এবারের সম্মেলনে।


