প্রধান ভোকালিস্ট চেস্টার বেনিংটন ২০১৭ সালে আত্মহত্যা করলে লিঙ্কিন পার্ক কার্যক্রম বন্ধ করে দেয়। তবে সাত বছর বিরতির পর, গত মাসে সঙ্গীত অঙ্গনে ফিরে আসার ঘোষনা দিয়েছে লিঙ্কিন পার্ক। দলে নতুন প্রধান ভোকালিস্ট হিসেবে যোগ দিয়েছেন এমিলি আর্মস্ট্রং, যিনি আরেকটা রক ব্যান্ড ডেড সারার (Dead Sara) প্রধান গায়ক-গীতিকার। চেস্টারের জায়গায় একজন নারী সঙ্গীতশিল্পীকে প্রধান ভোকালিস্ট হিসেবে নির্বাচন করার সাহসী সিদ্ধান্তের কারণে দলটি বেশ প্রশংসিত হয়েছে। তবে কিছু নেতিবাচক বিষয়ও আলোচনায় আসছে।
চেস্টার বেনিংটনের ছেলে জাইমে বেনিংটন এমিলি আর্মস্ট্রংয়ের লিঙ্কিন পার্কে যোগদানের সমালোচনা করেছেন। তার মতে, লিঙ্কিন পার্ক এমিলি আর্মস্ট্রংকে ব্যান্ডের প্রধান ভোকালিস্ট হিসেবে বেছে নিয়ে ভক্তদের “প্রতারণা” করেছে। কারণ হলো এমিলি আর্মস্ট্রং বিতর্কিত অভিনেতা ড্যানি মাস্টারসনের বন্ধু, যিনি ২০২৩ সালে দুটি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হন, এবং বিচার চলাকালীন সময়ে এমিলি তাকে সমর্থন দিয়েছিলেন। তাছাড়া বেনিংটন আর্মস্ট্রংয়ের সায়েন্টোলজি চার্চের সাথে জড়িত থাকার অভিযোগও তোলেন। তবে সম্প্রতি এমিলি মামলা চলাকালীন সময়ে ড্যানি মাস্টারসনের প্রতি তার সমর্থনের জন্য ক্ষমা চেয়েছেন। এমিলি আর্মস্ট্রংয়ের ব্যক্তিগত জীবন তার পেশাগত জীবনকে কতটুকু প্রভাবিত করা উচিত এটা আলোচনা সাপেক্ষ। সৃষ্টিশীলভাবে নিজেদের পুনঃপ্রতিষ্ঠিত করতে এবং নোতুন ভোকালিস্ট নিয়ে ভক্তদের উদ্বেগের সমাধান করতে পারলে ব্যান্ডটি নিশ্চিতভাবেই আবার লাইমলাইটে ফিরে আসবে। নতুন ভোকালিস্ট এমিলির গানের গলা দারুন আর মিলও আছে চেস্টার বেনিংটন এর গলার সাথে।


