‘তারা যেন নতুন ব্রিকস মুদ্রা সৃষ্টি না করে কিংবা এমন কোনো মুদ্রাকে পৃষ্ঠপোষকতা না দেয় যেটা শক্তিশালী মার্কিন ডলারের জায়গা নিতে পারে’ বললেন ট্রাম্প।
আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের যে আধিপত্য তা খর্ব করে ব্রিকস জোট যদি অন্য কোনো মুদ্রাকে সামনে আনতে চায়, তাহলে তাদের রপ্তানিতে ১০০% শুল্ক আরোপ করা হবে বলে ফের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা মিলে গড়া জোট ব্রিকসের সদস্যভুক্ত দেশের সংখ্যা এখন ১০, সর্বশেষ ইন্দোনেশিয়া এতে যুক্ত হয়েছে। ৩১ জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন আপাতদৃষ্টিতে বৈরি এই দেশগুলোর কাছ থেকে আমাদের প্রতিশ্রুতি আদায় করতে হবে যেন তারা নতুন ব্রিকস মুদ্রা সৃষ্টি না করে কিংবা এমন কোনো মুদ্রাকে পৃষ্ঠপোষকতা না দেয় যেটা শক্তিশালী মার্কিন ডলারের জায়গা নিতে পারে। তা না হলে তাদের ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে, এবং চমৎকার মার্কিন অর্থনীতিতে পণ্য বিক্রির আশা ছেড়ে দিতে পারে।
ব্রিকস জোটের সদস্যরা দীর্ঘদিন ধরেই বাণিজ্যে ডলারের আধিপত্য কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে। ইউক্রেইন আক্রমণের পর রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞায় এই তৎপরতা আরও জোরদার হয়। তারা এখন পরন্ত কোনো কমন মুদ্রা না বেছে নিলেও সদস্যদের মধ্যে নিজ নিজ মুদ্রায় বাণিজ্য বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এত কিছুর পরও মার্কিন ডলার এখন পরন্ত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রিজার্ভ মুদ্রা। বিশ্বজুড়ে এর প্রভাব এখনো প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক অনেক বেশি বলে গত বছর আটলান্টিক কাউন্সিলের জিওইকোনমিক্সের এক গবেষণায় বেরিয়ে এসেছে।


