হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প-নরেন্দ্র মোদির বৃহস্পতিবারের বৈঠকে তাদের সম্পর্কের উষ্ণতা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। দুই নেতা পরস্পরের উদ্দেশে অনেক প্রশংসাসূচক কথা বলেছেন। তবে বিতর্কিত বিষয়গুলো তারা এড়িয়ে গেছেন। এসব বিতর্কিত বিষয়ের মধ্যে আছে ট্রাম্পের ঘোষিত ‘পারস্পরিক শুল্কনীতি’, যার মাধ্যমে তিনি মার্কিন পণ্যের ওপর অন্যান্য দেশ যে হারে শুল্ক আরোপ করে, ঠিক সেই হারেই সেসব দেশের পণ্যের ওপর শুল্ক বসানোর পরিকল্পনা করছেন। ভারতের উচ্চ শুল্কহার নিয়ে দীর্ঘদিন ধরে সমালোচনা করে আসছেন ট্রাম্প, এমনকি মোদিকে বেশ কয়েকবার ‘শুল্কের রাজা’ বলেও অভিহিত করেছেন তিনি।
ট্রাম্পের শুল্কের মুখে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে, এই আশঙ্কায় বিশ্বনেতাদের অনেকেই ট্রাম্পের দাবি মেনে নিচ্ছে বা বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে ছাড় দেওয়ার প্রস্তাব দিচ্ছেন। বৃহস্পতিবার মোদিও এমন কিছু প্রস্তাব নিয়ে হাজির হন। বর্তমানে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় ৪৬ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। এই ঘাটতির জন্য ভারতের আরোপ করা শুল্ককে দায়ী করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ‘সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি ভারতের অন্যায্য, কঠোর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন। এসব শুল্ক ভারতের বাজারে মার্কিন পণ্য প্রবেশ বেশ কঠিন করে তুলেছে। এটি সত্যিই একটি বড় সমস্যা।’
বৈঠকের পর এই দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে একটি চুক্তির ঘোষণা দেন দুই নেতা। এই চুক্তির মধ্যে মহাকাশ ভ্রমণ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং জ্বালানি উৎপাদনে অংশীদারত্বের বিষয়গুলো থাকবে। ট্রাম্প আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য আমদানি বাড়াবে ভারত। ‘প্রধানমন্ত্রী এবং আমি জ্বালানি সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হয়েছি, যা যুক্তরাষ্ট্রকে আবার ভারতের শীর্ষ তেল-গ্যাস সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করবে,’ বলেন ট্রাম্প। চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মতো মিত্রদের সংযুক্ত করবে এমন একটি আন্তর্জাতিক অবকাঠামো প্রকল্পেরও ইঙ্গিত দেন ট্রাম্প।
‘আমরা একসঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য পথগুলোর একটি গড়ে তুলতে সম্মত হয়েছি। এটি ভারত থেকে ইসরায়েল, ইতালি হয়ে যুক্তরাষ্ট্র পর্যন্ত আসবে। এই প্রকল্পের অধীনে আমাদের অংশীদারদের বন্দর, রেলপথ এবং সমুদ্রের নিচে ক্যাবল দিয়ে সংযুক্ত করবে,’ যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। আল জাজিরা জানায়, প্রস্তাবিত ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডোরকে ইঙ্গিত করছিলেন ট্রাম্প, যার ঘোষণা প্রথম আসে ২০২৩ সালের সেপ্টেম্বরে। যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে পরিকল্পিত এই করিডোর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইসরায়েল এবং গ্রিসের মধ্য দিয়ে যাওয়ার কথা। তবে ইসরায়েল-গাজা যুদ্ধের কারণে এর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যদিও চীনের আন্তর্জাতিক প্রভাব মোকাবিলাই ছিল বৈঠকের সবচেয়ে বড় আলোচনার বিষয়, তবে আরেকটি নিরাপত্তা ইস্যু এই দুই নেতার আলোচনায় উঠে এসেছে-তা হচ্ছে ‘সন্ত্রাসবাদের’ আতঙ্ক।
‘ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে লড়াই করবে,’ বলেন মোদি। ট্রাম্প জানান, ভারতের কাছে ‘বিলিয়ন বিলিয়ন ডলারের’ সামরিক সরঞ্জাম বিক্রি করবে। ‘এছাড়াও যুক্তরাষ্ট্র এবং ভারত অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তভাবে উগ্র ইসলামি সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা করতে একসঙ্গে কাজ করবে। এর প্রভাব বিশ্বজুড়েই রয়েছে,’ যোগ করেন ট্রাম্প। তবে মোদির বিরুদ্ধে মুসলিম-বিরোধী সহিংসতার প্রতি উদাসীন থাকার এবং মুসলিম-বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।


