দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় যারা জায়গা পাচ্ছেন, তাদের বেশির ভাগই হাজার কোটি টাকার মালিক। এর মধ্যে আছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ও ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামীর মতো ব্যক্তিরা। ব্রিটিশ দ্য গার্ডিয়ান জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্প যাদের মন্ত্রিসভায় নিয়েছেন, তাদের সম্পদের মোট পরিমাণ ৩৪০ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার সবচেয়ে ধনী মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ট্রাম্পের মন্ত্রিসভার অন্তত ১১ জনের নিজস্ব বা স্বামী-স্ত্রীর অথবা খুব কাছের ব্যক্তির এক বিলিয়ন ডলার করে আছে। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় খেটে খাওয়া সাধারণ মানুষকে নিয়ে কাজ করার কথা বলেছিলেন। কিন্তু তিনি এখন সরকার চালানোর জন্য এমন ব্যক্তিদের নিচ্ছেন, যাদের সঙ্গে সাধারণ মানুষের অনেক তফাত। এই ব্যক্তিরাই সরকারের এমন কিছু খরচ কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, যেগুলোর সুবিধা পেয়ে থাকেন গরিব ও সবচেয়ে দুর্বল শ্রেণির মানুষ।


