সোমালিয়ায় বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নির্দেশ মেনে ইতোমধ্যে হামলা চালানোও হয়েছে। গতকাল শনিবার ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে এ বিষয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি ব্যাখ্যা দেন, সোমালিয়ায় অবস্থান করছেন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যান্য সদস্য। তাদেরকে নির্মূলের উদ্দেশ্যে এই হামলার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প। ট্রাম্প তার পোস্টে আরও লিখেন, ‘আইএস ও অন্য যারা আমেরিকানদের ওপর হামলা করতে চাইছে, তাদের জন্য স্পষ্ট বার্তা-আমরা আপনাদের খুঁজে বের করব এবং হত্যা করব।’
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, গোলিস পর্বতে এই হামলা চালানো হয়। প্রাথমিক নিরীক্ষায় জানা গেছে, অসংখ্য জঙ্গি সদস্য নিহত হয়েছেন। তবে কোনো বেসামরিক ব্যক্তি এই হামলায় হতাহত হননি। সোমালিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদকে এই বিমানহামলার বিষয়ে আগাম বার্তা দেওয়া হয়েছিল। তিনি ‘জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে নিরলস সমর্থন জোগানোর’ জন্য ডোনাল্ড ট্রাম্পকে হৃদয়ে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন। সোমালিয়ায় বেশ কয়েক বছর ধরেই হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান, উভয় প্রশাসনই এসব হামলা চালিয়েছে।


