বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- বিএনপি আগামীতে জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনা দেখতে চায়। এদেশের মানুষের জন্য গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় অংশগ্রহণ করবেন। ঢাকা বিভাগীয় বিএনপির তৃণমূলের নেতা-কমীদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন- বিএনপি পৃথিবীর অনেক দেশের মতো উচ্চ কক্ষসহ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত দেখতে চায়। এতে প্রথাগত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন এমন পেশাজীবী-বিশেষজ্ঞদের জ্ঞান দেশের কাজে লাগানো যাবে। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে জনগণের পরিবর্তিত আশা আর ভাষার সঙ্গে নিজেদের মানিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের উপযুক্ত হতে হবে। সাম্প্রতিককালে গজিয়ে ওঠা অদৃশ্য প্রতিপক্ষের মোকাবিলায় নিজ রাজনৈতিক প্রজ্ঞা আর কৌশল প্রয়োগ করতে হবে। এর আগে কয়েকটি মত বিনিময়ে তারেক রহমান নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, পর পর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারার বিধান সংবিধানে সংযুক্ত করার কথা বলেন। গণভবনের জায়গায় গণহত্যা মিউজিয়াম তৈরির ঘোষণাও দেন তিনি।


