জলবায়ু পরিবর্তন আর কোনো তত্ত্ব বা ভবিষ্যদ্বাণী নয়। এটি এখন এক ভয়াবহ বাস্তবতা। বৈশ্বিক উষ্ণতা, তীব্র তাপদাহ, খরা, বন্যা, দাবানল, এ সব কিছুই আমাদের জানিয়ে দিচ্ছে পৃথিবী আর আগের মতো থাকবে না। জলবায়ু পরিবর্তন শুধুমাত্র পরিবেশের ক্ষতি করছে না, মানুষের জীবনযাত্রাকেও সংকটের মধ্যে ফেলে দিচ্ছে। অ্যান্টার্কটিকায় তাপমাত্রা গত মাসে ১০ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। যা পৃথিবীকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিয়েছে। এই অস্বাভাবিক তাপমাত্রা বিপর্যয়কর প্রভাব ফেলছে-বরফ গলছে, এবং সমুদ্র স্তরের উত্থান বাড়ছে। এর ফলস্বরূপ উপকূলীয় অঞ্চলগুলো জলবায়ু পরিবর্তনের অন্যতম বড় শিকার হতে পারে।
কানাডায় ২০২৩ সালে দাবানল রেকর্ড পরিমাণ এলাকায় ছড়িয়ে পড়ে। এটি ৩ বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড সমতুল্য গ্যাস নিঃসরণ করেছে। এই দাবানল শুধু পরিবেশে বিপর্যয় সৃষ্টি করেনি, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পটভূমিও তৈরি করেছে। জানুয়ারি ২০২৫ পৃথিবীর অন্যতম উষ্ণ মাস হিসেবে রেকর্ড হয়েছে। তাপমাত্রার এই বাড়তি মাত্রা পৃথিবীকে আরও উত্তপ্ত করছে এবং তার সাথে সঙ্গতিপূর্ণ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও বাড়ছে। বিশ্বের আবহাওয়া পরিবর্তন মোকাবিলার জন্য একযোগে এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে। প্রতিটি দেশ, ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সচেতন হতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে।
সৌর, বায়ু, এবং অন্যান্য পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহার বাড়ালে গ্রীনহাউস গ্যাস নিঃসরণ কমাবে। আমাদের বনভূমি রক্ষা এবং নতুন করে বৃক্ষরোপণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কার্বন শোষণে সাহায্য করবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ব্যক্তিগতভাবে আমরা যদি পরিবেশবান্ধব যানের ব্যবহার, শক্তির সঞ্চয় এবং প্লাস্টিক বর্জন করতে পারি। এসব উদ্যোগ আমাদের পরিবেশ রক্ষা করতে সহায়ক হবে। জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করা এককভাবে সম্ভব নয়। এর জন্য আন্তর্জাতিক সহযোগিতা এবং সহায়তার প্রয়োজন।
বিগত কয়েক বছরে আমরা যেসব প্রাকৃতিক দুর্যোগ দেখেছি তা আমাদের এই সংকটের ব্যাপকতা বুঝতে সাহায্য করেছে। এমনকি এক বা দুটি দেশের মধ্যে এই সমস্যা সীমাবদ্ধ থাকছে না এটি একটি বৈশ্বিক সমস্যা। বিশ্বের সমস্ত দেশকে এই হুমকি মোকাবিলায় একযোগভাবে কাজ করতে হবে। যেমন, ডেনমার্ক বর্তমানে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে ৫০% এরও বেশি শক্তি উৎপাদন করছে, যা একটি আদর্শ উদাহরণ হতে পারে। আমাদের প্রতিটি পদক্ষেপ, বড় বা ছোেট, এই সংকটের সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যত, আমাদের বাচ্চাদের ভবিষ্যত, এবং পৃথিবীর টিকে থাকার জন্য কার্যকরী পদক্ষেপ নিতে পারব। সময় হাতে আছে, তবে আমাদের সিদ্ধান্ত এবং কার্যক্রম আজই নিতে হবে।


