গণমাধ্যম সংস্কার কমিশনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো`র (বিবিএস) করা এক জরিপে জানা গেছে খবর জানতে প্রচলিত গণমাধ্যমের চেয়ে মোবাইল বেশি ব্যবহার করেন মানুষ। ছাপা পত্রিকা কম পড়লেও ৫৯% মানুষ মোবাইল ফোনে অনলাইন সংস্করণে খবর পড়েন। জরিপে অংশ নেওয়া ৭৩% মানুষ জানিয়েছেন, তাঁরা ছাপা পত্রিকা পড়েন না। ৬৫% মানুষ জানিয়েছেন, তারা টেলিভিশন দেখেন।সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে খবরের জন্য ৩১ শতাংশ উত্তরদাতার আস্থা রয়েছে ফেসবুকে। এরপর ইউটিউবে ১৬.৫%।
বৃহস্পতিবার গণমাধ্যম সংস্কার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জরিপের তথ্য উল্লেখ করে আরও বলা হয়, জাতীয় দুরে্যাগ বা সংকটে তথ্য খোজার জন্য এখনো মানুষ চোখ রাখেন টেলিভিশনের পর্দায়। এ বছর ১ থেকে ৭ জানুয়ারি দেশের ৬৪ জেলায় ৪৫ হাজার খানা (হাউসহোল্ড) থেকে ১০ বছরের বেশি বয়সীদের কাছ থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে। জরিপে বলা হয়, সামগ্রিকভাবে গণমাধ্যমের ওপর মানুষ আস্থা হারাননি। তবে রাজনৈতিক, সরকারি ও প্রভাবশালীদের হস্তক্ষেপ বস্তুনিষ্ঠ খবর প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায় হিসেবে দেখছেন তারা।


