“ দেশের যে ইমেজ এবং আমাদের ইমেজের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হচ্ছেন প্রফেসর ইউনূস । এমনকি তার বিরুদ্ধে পর্যন্ত কথাবার্তা বলা হচ্ছে যে তিনি কিছু করছেন না ইত্যাদি ইত্যাদি ।”
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের বাড়িঘরে অগ্নিসংযোগ ঘটনা ঘটছে বলে ভারতের সংবাদমাধ্যমে যে সব খবর আসছে তাকে ‘প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা’ মন্তব্য করে এটি মোকাবিলায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রবাসীদের সহায়তা চেয়েছেন। ১১ জানুয়ারি ঢাকায় সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স এ তৌহিদ হোসেন এই আলাপ করছিলেন।
তৌহিদ হোসেন “আপনারা খেয়াল করছেন যে গত চার মাসে কী প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটায় পুরোভাবে আছে কিন্তু ভারতের মিডিয়া। ভারতের মিডিয়া যে রোল এবং যে এসাইনমেন্টটা নিয়ে আছে সেটা আমরা জানি। তাদের যে রিচ আছে সেটা আমরা জানি এবং তাদের যে বক্তব্য সেগুলো কিন্তু ভারতীয় ডায়াসপোরা পিক আপ করছে, এবং বিভিন্ন দেশে প্রচারণা চালাচ্ছে।”
তিনি বলেন, “মিথ্যা তথ্যের ভিত্তিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চলছে। তাদের প্রচারণা দেখলে মনে হয়, এখানে যুদ্ধাবস্থা বিরাজ করছে।হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে, এই ধরণের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রোপাগেট করছে ভারতের ডায়াসপোরা, সমস্ত পৃথিবীতে।”
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের যে ইমেজ এবং আমাদের ইমেজের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হচ্ছেন প্রফেসর ইউনূস। এমনকি তার বিরুদ্ধে পর্যন্ত কথাবার্তা বলা হচ্ছে যে তিনি কিছু করছেন না ইত্যাদি ইত্যাদি।” তিনি বলেন, “এ বিষয়গুলো কিন্তু এ সরকার মোটেই টলারেট করছে না। যেগুলো ঘটনা ঘটেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা চেষ্টা করছি যে কোন ঘটনা আসা মাত্র সেটার খোঁজখবর নিয়ে যেন প্রতিকার করা যায়। এই ডিসইনফরমেশন, মিসইনফরমেশন মোকাবিলা করাতে আপনাদের একটা ভূমিকা আছে।”


