‘ক্রিটিকাল মিনারেলস’ নামে পরিচিত গুরুত্বপূর্ণ ও দুর্লভ খনিজের সরবরাহ বৃদ্ধি ও বিকল্প উৎস খুঁজতে ভারত-আমেরিকার মধ্যে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বৃহস্পতিবার ওয়াশিংটনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা। অদূর ভবিষ্যতে বিশ্বে কার্বনমুক্ত জ্বালানিতে উত্তরণের ক্ষেত্রে যেসব খনিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাদের ক্রিটিকাল মিনারেলস বলা হয়। এরকম ১৭টি খনিজ পদার্থের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিথিয়াম, নিকেল, কোবাল্ট, কপার, গ্রাফাইট আর রেয়ার আর্থ পর্যায়ের বিরল ধাতুসমূহ।
বিদ্যুৎচালিত গাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক ব্যাটারি, সেমিকন্ডাকটার ছাড়াও বিভিন্ন ধরনের শক্তি মজুত করে রাখার জন্য এসব খনিজ অতি প্রয়োজনীয়। যদিও এই খনিজগুলো একাধিক দেশে উত্তোলন করা হচ্ছে, কিন্তু এই সবগুলো খনিজের প্রক্রিয়াজাত- করণের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করেছে চীন। ভারত ও আমেরিকায় গুরুত্বপূর্ণ খনিজ অনুসন্ধান, উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, পরিশোধন, পুনর্ব্যবহার ও পুনরুদ্ধারের উপায় খোঁজার কথাও সহযোগিতা স্মারকে বলা হয়েছে।


