এমন একটা জায়গার কথা ভাবুন, যেখানে সবাই জানে কেউ তাকে সবসময় দেখছে, কিন্তু ঠিক কখন দেখছে সেটা কেউ জানে না। এই ভয়ের কারণে সবাই নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে বাধ্য হচ্ছে। সমাজবিজ্ঞানের ভাষায় মানুষের এই ধারণা প্যানোপটিকন সমাজ বলে পরিচিত।
প্যানোপটিকন শব্দটা এসেছে ১৮শ শতকের ব্রিটিশ দার্শনিক জেরেমি বেনথামের এক বিশেষ কারাগারের নকশা থেকে। তিনি এমন একটি ভবন কল্পনা করেছিলেন, যেখানে কেন্দ্রীয় একটি টাওয়ার থেকে কয়েদিদের ওপর নজরদারি করা হয়। কিন্তু কয়েদিরা কখনো বুঝতে পারে না কখন তাদের দেখা হচ্ছে আর কখন নয়। এই অনিশ্চয়তা তাদের মধ্যে এমন এক মানসিক অবস্থা তৈরি করে, যেখানে তারা সবসময় মনে করে কেউ তাদের দেখছে। ফলে সারাক্ষণ নিজেদের আচরণ নিয়ন্ত্রণ করে রাখা ছাড়া তাদের কোনো উপায় থাকে না।
এই ধারণা শুধু কারাগারে সীমাবদ্ধ থাকেনি। ফরাসি দার্শনিক মিশেল ফুকো এই প্যানোপটিকনকে আধুনিক সমাজের শক্তি ও নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে দেখিয়েছেন। তার মতে আধুনিক সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতাল, অফিস, এমনকি সামাজিক মাধ্যমেও একই ধরনের নজরদারি ও নিয়ন্ত্রণের ব্যবস্থা কাজ করে। আমরা সবাই যেনো এক অদৃশ্য চোখের নিচে বাস করছি, যেখানে কেউ জানে না কখন তাকে দেখা হচ্ছে, কিন্তু ভয়ের কারণে নিজেরাই নিজেদের নিয়ন্ত্রণ করি।
আজকের ডিজিটাল যুগে প্যানোপটিকনের ধারণা আরও বিস্তৃত হয়েছে। ধরুন আপনি যখন ফেসবুকে কিছু পোস্ট করছেন, আপনি কিন্তু জানেন না ঠিক কতজন সে তথ্য দেখছে, কারা আপনার ছবি দেখে আপনাকে বিচার করছে। এই অদৃশ্য নজরদারির কারণে আপনি হয়তো নিজের কথাবার্তা, ছবি, এমনকি চিন্তাধারাও নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন।
আমাদের দেশেও এই আধুনিক প্যানোপটিকনের ছায়া পড়েছে। শহরের রাস্তায় সিসিটিভি ক্যামেরা, স্মার্ট সিটি প্রকল্পের আওতায় নাগরিকদের ডেটা সংগ্রহ, মোবাইল ফোনের মাধ্যমে লোকেশন ট্র্যাকিং—সবই কিন্তু এক ধরনের আধুনিক নজরদারি। আমরা বুঝতে না পারলেও কিন্তু আমাদের প্রতিটি পদক্ষেপ নজরদারির আওতায়।
প্যানোপটিকন সমাজের অন্যতম বড় সমস্যা হলো ব্যক্তিগত গোপনীয়তার হ্রাস। যখন কেউ জানে তাকে নজরদারী করা হচ্ছে, তখন ব্যক্তির স্বাধীনতা সংকুচিত হয়। ফুকো বলেন, এটি শুধু শারীরিক বন্দিত্ব নয়, এটি মানসিক বন্দিত্ব। মানুষ নিজের মধ্যেই এমন এক ভয় তৈরি করে যেন তাকে সবসময় নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এই পরিস্থিতিতে সমাজে মানুষ নিজের মতামত প্রকাশ করতে ভয় পায়। সর্বদা নজরদারির মধ্যে থাকার কারণে মানসিক চাপ বেড়ে যায়। রাষ্ট্র নাগরিকদের ওপর নজরদারি বাড়িয়ে তাদের রাজনৈতিক মতামত দমন করে। তাই প্রশ্ন আসে, আমরা কি এই আধুনিক প্যানোপটিকনের জালে বন্দী হয়ে যাব? মুক্তির পথ আছে?
মিশেল ফুকো বলেছেন, ক্ষমতার এই জটিল জালে মুক্তির প্রথম ধাপ হলো সচেতনতা। আমাদের বুঝতে হবে এই নজরদারি কেমন কাজ করে, আমাদের ওপর কী প্রভাব ফেলে। এরপর দরকার প্রযুক্তির নৈতিক ব্যবহার ও শক্তিশালী গোপনীয়তা নীতিমালা। নাগরিকদের ডিজিটাল স্বাক্ষরতা বৃদ্ধি করাও জরুরি, যাতে তারা নিজের তথ্য নিয়ন্ত্রণ করতে পারে।
আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই আধুনিক প্যানোপটিকনের জালে নিজেকে বন্দী না করে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের ভূমিকা পালন করা। প্যানোপটিকনের অদৃশ্য চোখ থেকে মুক্তি পেতে আমাদের একসঙ্গে সচেতন হতে হবে, প্রযুক্তির নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে, আর সর্বোপরি নিজেদের স্বাধীনতা রক্ষা করতে হবে।


