কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল আলোচিত টানেলটি এক বছর আগে চালু হওয়ার পর থেকে যে পরিমান যানবাহনের চলাচলের ধারণা করা হয়েছিল তার মাত্র এক তৃতীয়াংশ হয়েছে। এমনকি যে অর্থ টানেলটি আয় করেছে তা এটির রক্ষণাবেক্ষণের জন্যও কম। গত বছরের ২৮শে অক্টোবর চট্টগ্রামে নদীর তলদেশে ৩.৩২ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম টানেলটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। ২০শে অক্টোবর পর্যন্ত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দিয়ে প্রতিদিন গড়ে ৩৯১০টি যানবাহন চলাচল করে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যানবাহনগুলো থেকে দৈনিক গড় আয় ছিল ১০ লাখ ৩৭ হাজার টাকা। কিন্তু টানেলের দৈনিক পরিচালন ব্যয় ৩৭ লাখ ৪৭ হাজার টাকা। ২০২৩ সালের জানুয়ারীতে প্রকল্পের যে পূর্বাভাস করা হয়েছে সে প্রতিবেদনে বলা হয়েছে, এ বছর দৈনিক গড়ে ১৮,৪৮৫টি যানবাহন এ টানেল ব্যবহার করবে।


