অ্যালান মুর (Alan Moore) আধুনিক কমিক্স শিল্পের অন্যতম প্রভাবশালী লেখক। ব্রিটিশ এই লেখক শুধু কমিক্সের মধ্যেই সীমাবদ্ধ নন। তার কাজ সাহিত্য, রাজনীতি, দর্শন ও জাদুবিদ্যার গভীরতম স্তরে বিস্তার লাভ করেছে। তার রচিত গ্রাফিক নভেলগুলো শুধু বিনোদনের উপাদান নয় বরং এগুলো সমাজ-রাজনীতি ও অস্তিত্ববাদ নিয়ে গভীর চিন্তাকে উস্কে দেয়।
অ্যালান মুর ১৯৫৩ সালের ১৮ নভেম্বর ইংল্যান্ডের নর্থহ্যাম্পটনে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই বই পড়ার প্রতি আগ্রহী ছিলেন এবং ধীরে ধীরে কমিক্সের জগতে প্রবেশ করেন। ১৯৭৯ সালে তিনি ২০০০ অউ ম্যাগাজিনের মাধ্যমে কমিক্স রচনায় আত্মপ্রকাশ করেন। সেখান থেকে তার প্রতিভার স্বীকৃতি পেতে দেরি হয়নি। ১৯৮০-এর দশকের শুরুতে তিনি Marvel UK, Warrior এবং DC Comics-এর মতো প্রকাশনীর সঙ্গে কাজ করতে শুরু করেন। উল্লেখযোগ্য কাজসমূহের মধ্যে – V for Vendetta (১৯৮২-১৯৮৯) এটি একটি ডিস্টোপিয়ান গল্প যেখানে এক অজ্ঞাতনামা বিপ্লবী “V” ফ্যাসিবাদী সরকারকে উচ্ছেদ করার জন্য সংগ্রাম করে। এই কমিক্স আজও রাজনীতি ও স্বাধীনতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
ডিসি কমিক্সের Swamp Thing (১৯৮৩-১৯৮৭) হরর সিরিজের দায়িত্ব নেওয়ার পর মুর একে সম্পূর্ণ নতুন রূপ দেন, যেখানে প্রকৃতি, অস্তিত্ববাদ এবং জাদুবিদ্যার ধারণা উঠে আসে। তার বিখ্যাত Watchmen (১৯৮৬-১৯৮৭) গ্রাফিক নভেল কমিক্স ইতিহাসের অন্যতম সেরা কাজ হিসেবে স্বীকৃত। এটি সুপারহিরো ঘরানার একটি পুনর্বিবেচনা যেখানে নৈতিকতা, ক্ষমতা এবং বাস্তব বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটকে স্থান দেওয়া হয়েছে। Batman: The Killing Joke (১৯৮৮) ব্যাটম্যান এবং জোকারের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যায়। জোকারের ব্যাকস্টোরি এবং মানসিকতার জটিলতা এই গ্রাফিক নভেলে অসাধারণভাবে ফুটে উঠেছে।
মুরের লেখায় পৌরাণিক কাহিনি, ধর্ম, মনোবিজ্ঞান এবং ইতিহাসের গভীর বিশ্লেষণ রয়েছে। তিনি কেবল কমিক্স লিখেননি, বরং একে শিল্পের একটি গভীর রূপে রূপান্তরিত করেছেন। অ্যালান মুরের মতে, লেখালেখিই এক ধরনের জাদুবিদ্যা। ১৯৯০-এর দশকে তিনি কার্যত এক ‘চর্চিত যাদুকর’-এ পরিণত হন এবং হারমেটিসিজম, কাবালাহ, অকাল্ট দর্শনের গভীরে প্রবেশ করেন। তার লেখা এবং জীবনধারা, উভয় ক্ষেত্রেই এই দর্শনের প্রভাব স্পষ্ট। অ্যালান মুর কেবল একজন কমিক্স লেখক নন, তিনি একটি সাংস্কৃতিক আন্দোলনের পথপ্রদর্শক। তার কাজ সাহিত্যের সীমানা ছাড়িয়ে রাজনৈতিক ও দার্শনিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। আজও তার রচনাগুলো নতুন পাঠকদের অনুপ্রাণিত করে এবং ভবিষ্যতের জন্য নতুন নতুন ভাবনার দ্বার উন্মোচিত করে।


