বাংলাদেশে গত ৪০ বছরে নতুন তৈরি হওয়া কোনো দল ভোটের মাঠে সেভাবে সুবিধা করতে পারেনি। তবে দেশে না হলেও গত কয়েক দশকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন নতুন রাজনৈতিক দলের অল্প সময়ের মধ্যেই ক্ষমতায় আসার নজীর আছে। যার মধ্যে বিশ্বব্যাপী বিশেষভাবে নজর কেড়েছে তুরস্কের রিচেপ তাইয়েপ এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে নতুন দল করছেন তার সফলতার মন্ত্র খুঁজতে এই তিনটি দলের কর্মসূচি, সাংগঠনিক কাঠামো ইত্যাদি যাচাই-বাছাই করছে।
জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বিবিসি বাংলাকে বলেন, “এই পার্টিগুলো আসলে কীভাবে জনগণের কাছে গিয়েছে, জনগণের ভাষা বোঝার ক্ষেত্রে তারা কোন ধরনের কৌশল নিয়েছে, তাদের গঠনতান্ত্রিক কাঠামোটা কেমন – এসব বিষয় আমরা স্টাডি করছি। আমরা বোঝার চেষ্টা করছি ওই অঞ্চলের তরুণদের বোঝার ক্ষেত্রে এবং রাজনীতি বোঝার ক্ষেত্রে তারা কী চিন্তা-ভাবনা নিয়ে এসেছে যেটা ওই দেশের লোকজন গ্রহণ করেছে এবং তাদেরকে রাজনৈতিকভাবে শাসনক্ষমতার দায়িত্ব দিয়েছে।”
তিনি বলেন, “এখানে দেখবেন এরদেয়ানের পার্টি কিন্তু ফোকাস করেছে ইনসাফের ওপর। তার নামই হচ্ছে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। যেটা আমরাও বলছি। আমরা ন্যায়বিচারের কথা বলছি, সুশাসনের কথা বলছি। অন্যদিকে ভারতের আম আদমি পার্টি দেশে-বিদেশে উচ্চশিক্ষিত তরুণদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে। দুর্নীতিবিরোধী কার্যক্রম করেছে। আমরা সেগুলোও দেখছি।” অন্যদিকে, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল প্রশ্ন তুলেছেন-‘দেশের মাটিতে বেড়ে ওঠা তরুণদের কাছে বিদেশি নেতারা এত জনপ্রিয় কেন’।
১৫ জানুয়ারি এক আলোচনা সভায় তিনি বলেন – ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে মওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ জিয়ার মতো নেতারা আছেন। তাদের আদর্শ থাকার পরও তরুণরা কেন বাইরের নেতাদের অনুসরণ করছে? এই বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা প্রয়োজন, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম বিভ্রান্তিতে থাকবে।’ তাঁর প্রশ্ন – ‘আমার কাছে অবাক লাগে, আমাদের দেশের তরুণরা, যারা এই মাটিতে বেড়ে উঠেছে, যাদের শরীরে দেশের মাটির ঘ্রাণ লেগে আছে, তারা কেন বিদেশি নেতাদের মতবাদকে এত জনপ্রিয় মনে করছে? এই প্রবণতা দেখে আমার মনে প্রশ্ন জাগে, এর মূল কারণ আসলে কী?


