গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের পর এবার অধিকৃত পশ্চিম তীরে মনোযোগ দিয়েছে ইসরায়েল। বুধবার পশ্চিম তীরের শহর জেনিনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত ও ৪০ জন আহত হয়েছেন। শহরের একটি সরকারি হাসপাতাল ও নিকটবর্তী শরণার্থী শিবির অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এছাড়া, পশ্চিম তীরজুড়ে বেড়েছে সেটেলারদের সহিংসতাও।
পশ্চিম তীরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাম্প্রতিক অভিযান ও অবরোধকে দেশটির ‘নিরাপত্তা কৌশলের পরিবর্তন’ বলে আখ্যা দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। শুধু জেনিন না, পশ্চিম তীরের অন্যান্য ফিলিস্তিনি শহরের প্রবেশপথও বন্ধ করে রেখেছে আইডিএফ। এর আগে মঙ্গলবার ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মরিচ ঘোষণা দেন, ‘গাজা ও লেবাননের পরে আজ ঈশ্বরের ইচ্ছায় আমরা পশ্চিম তীরে নিরাপত্তা নীতির পরিবর্তন শুরু করেছি এবং এই অঞ্চলে সন্ত্রাস নির্মূল অভিযান শুরু করেছি।’
ইসরায়েলের ওপেন ইউনিভার্সিটির সামরিক-বেসামরিক সম্পর্ক বিশ্লেষক ইয়াগিল লেভি গার্ডিয়ানকে বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দুর্বল করতে এবং পশ্চিম তীরকে আরও অস্থিতিশীল করে সেখানে অবৈধ ইসরায়েলি বসতির সংখ্যা বাড়াতে এসব সামরিক অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, পশ্চিম তীরে অভিযান চালানোর নিশ্চয়তা পাওয়াতেই গাজার যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছিলেন স্মরিচ। তিনি রাজি না হলে বেনিয়ামিন নেতানিয়াহু নেতৃত্বাধীন সরকারের পতনের সম্ভাবনা ছিল বলেও দাবি লেভির।


