সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে হামলা ও পাল্টা হামলা। ইরান আবারও ইসরায়েলকে ‘চরম জবাব’ দেওয়ার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানকে হুশিয়ারি দিয়েছে, আরেকবার ইসরায়েলে হামলা করলে দেশটি তাদের পছন্দমতো প্রতিশোধ নেবে এবং সে ক্ষেত্রে তাদেরকে ‘ঠেকানো’ বা কোনোরকম সীমাবদ্ধতা আরোপের মতো অবস্থায় থাকবে না ওয়াশিংটন। রোববার টাইমস অব ইসরায়েল তথ্যসূত্র হিসেবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন উল্লেখ করে এই তথ্য জানিয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে এক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও সাবেক ইসরায়েলি কর্মকর্তাকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে ইরানের পরমাণু অবকাঠামোয় হামলার পরিকল্পনা থেকে সরে আসেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তী লক্ষ্য নির্ধারণ করেন ইরানের তেল উৎপাদন অবকাঠামো। তবে এতেও সায় দেয়নি ওয়াশিংটন। যার ফলে শুধু ক্ষেপণাস্ত্র উৎপাদন অবকাঠামো ও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইসরায়েলকে।
মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা ইরানিদের বলেছি: (তোমরা আবার হামলা চালালে) আমরা ইসরায়েলকে ধরে রাখতে পারব না। আমরা নিশ্চিত করতে পারব না যে পরবর্তী হামলাটি আগের বারের মতো সুশৃঙ্খল হবে কিংবা সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট লক্ষ্যের বিরুদ্ধে আসবে।’ এই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত জবাব’ দেওয়ার হুমকি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।


