ইতিহাসের উষ্ণতম জানুয়ারি মাসের খেতাব পেয়েছে চলতি বছরের জানুয়ারি। ইউরোপের পরিবেশ মনিটর কোপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা বৃহস্পতিবার প্যারিসে দিয়েছে এই তথ্য। সংস্থাটি বলছে, গতবারের তুলনায় এ বছরের জানুয়ারিতে তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শিল্প বিপ্লবের আগে, অর্থাৎ ১৮৫০ সালের আগের সময়ের তুলনায় এ বছরের জানুয়ারিতে গড় বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
যদিও বিজ্ঞানীরা আশা করেছিলেন, শীতল ‘লা নিনা’ অবস্থার কারণে গত বছরের রেকর্ড সৃষ্টিকারী বৈশ্বিক তাপমাত্রা এ বছরে এসে কিছুটা কমবে। কিন্তু তাপমাত্রা না কমে উল্টো রেকর্ড মাত্রায় অথবা রেকর্ড মাত্রার কাছাকাছি অবস্থান করছে। পরপর তিন বছরের শুরুর দিকে তাপমাত্রা বেশি থাকার পেছনে আরও কী কারণ আছে, তা খোঁজার চেষ্টা চলছে। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিং (ইসিএমআরডব্লুএফ) এবং কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি-থ্রিএস)-এর পর্যবেক্ষণ অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ দাবানল দেখা গিয়েছিল, বিশেষ করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার কিছু অঞ্চলে। এই ধরনের দাবানল এবং অন্যান্য উৎস থেকে নিঃসৃত গ্রিনহাউস গ্যাস পরিবেশে ব্যাপক প্রভাব ফেলছে, যা জলবায়ু পরিবর্তনকে আরও তীব্র করছে।


