ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন -‘আমি মনে করি, কোনো একটি গোষ্ঠীকে এক পাশে ঠেলে না দিয়ে বাংলাদেশের উচিত, সবাই একসঙ্গে কাজ করার যে ঐতিহ্য এই দেশের রয়েছে, সেটার সর্বোত্তম ব্যবহার করা। একটি উদারপন্থী দৃষ্টিভঙ্গি দরকার। আমি আশা করি যে স্বাধীনতা ও বহুত্ববাদের প্রতি বাঙালি সম্প্রদায়ের যে অঙ্গীকার রয়েছে, সেটা টিকে থাকবে। আমি আশা করি, বাংলাদেশে আগে নির্বাচন যেমন হতো বলে অনেকে দাবি করেন, তার চেয়ে আগামীর নির্বাচন দৃশ্যত বেশি অবাধ হবে। আমি বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন, তবে আমি আশাহীন নই।’
তিনি বলেন, ‘আপনি যদি হঠাৎ করে একটি দেশের প্রধান হন, যেমনটি ইউনূসের ক্ষেত্রে ঘটেছে, তাহলে আপনাকে অবশ্যই বিভিন্ন গোষ্ঠীর বিষয় বিবেচনা করতে হবে। সেখানে বিভিন্ন ইসলামপন্থী দল রয়েছে, এখন হিন্দুদেরও বিভিন্ন পক্ষ রয়েছে। ইউনূসের সামর্থ্যের ওপর আমার অনেক আস্থা রয়েছে।’ অমর্ত্য সেন বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি আমার ওপর গভীরভাবে প্রভাব ফেলেছে।কারণ, আমি খুব জোরালোভাবে বাঙালি পরিচয়কে ধারণ করি। বাংলাদেশ তার বর্তমান চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করবে, তা নিয়ে অন্য অনেকের মতো আমি উদ্বিগ্ন।’
অমর্ত্য সেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন সেনাশাসন প্রতিষ্ঠার চেষ্টা না করায়, যেমনটি অনেক দেশে ঘটেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার কথা বলেছেন তিনি। এর পক্ষে যুক্তি দিয়ে বলেন, তাহলে অন্য দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে, সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটবে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙচুরের নিন্দা জানিয়ে অমর্ত্য সেন বলেন, সরকার ও জনগণের উভয়েরই দায়িত্ব এসব প্রতিরোধ করা। তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সংখ্যালঘুদের প্রতি উদার এবং জামায়াতের মতো সাম্প্রদায়িক শক্তি নিয়ন্ত্রণে রেখেছে। দুর্ভাগ্যবশত, ভারতেও মসজিদে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশ বা ভারত, যেখানেই হোক এ ধরনের ঘটনা অবশ্যই বন্ধ করতে হবে।’
এই নোবেল বিজয়ী বলেন, ‘সাম্প্রদায়িকতা উসকে দেওয়ার চেয়ে সহজ কিছু নেই। এর জন্য কিছু নির্দিষ্ট ঘটনাকে বেছে বেছে মাত্রাতিরিক্ত প্রচার করা হয়। ১৯৪০ – এর দশকের হিন্দু-মুসলিম দাঙ্গা এভাবেই বেড়েছিল, যা শেষ পর্যন্ত রক্তপাতের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের অবশ্যই অতীত থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের বিষয়ে সচেতন হতে হবে। নির্বাচনী প্রচারের জন্য একপাক্ষিক প্রচার অত্যন্ত বিপজ্জনক হতে পারে।’


