শুক্রবার সকালে রাজধানীতে যুক্তরাষ্ট্রের ‘দ্য কার্টার সেন্টার’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন — ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সেটা তো বিএনপির বক্তব্যের বিষয় নয়। এটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে।’
তিনি বলেন, ‘যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্যে বলেছে। কাজেই এখানে আমরা বিএনপি হিসাবে তো এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নই। আমাদের মহাসচিব ইতোমধ্যে বলেছেন — এটা জনগণ সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা।’
বিএনপির সিনিয়র এই নেতা আরো বলেন, ‘আজকে ৯ মাস হয়ে গেছে। একজন আওয়ামী লীগারকে আজকে পর্যন্ত দেখাতে পারবেন কি তারা বলেছেন — দীর্ঘ ১৫ বছর ধরে ফ্যাসিস্ট কায়দায় যে মানুষের ওপর জুলুম করেছে, এ দেশকে তছনছ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে, তারা ভুল করেছে, তারা ক্ষমা স্বীকার করছে বাংলাদেশের মানুষের কাছে, তারা আজকে জনগণের মতামতকে নিয়ে নির্বাচন করতে চায়। আওয়ামী লীগের একটি লোকও কি তা বলেছে? বলেনি। সুতরাং প্রশ্নটি আমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই, এর উত্তর বাংলাদেশের জনগণ দিবে।’
তিনি বলেন — ‘আমি যদি বলি এ প্রসঙ্গে আওয়ামী লীগকে কেন জিজ্ঞেস করছেন না? তারা কি আসলেই নির্বাচন করতে চায়, তারা কি আসলেই গণতন্ত্র চায়? সেটাতো আওয়ামী লীগকে বলতে হবে।’


