অন্তর্বর্তী সরকার জন-আকাঙ্ক্ষার দিকে দৃষ্টি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এই সরকারকে ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার ও তার দোসররা বসে নেই। এ রকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্তের কারণে মনে হয় তারা জন-আকাঙ্ক্ষার প্রতি ভ্রুক্ষেপ করতে চাইছে না; বরং তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো তারা চাপিয়ে দিতে চাইছে।
তারেক রহমান বলেন, অনেক অপ্রাপ্তি থাকার পরও জনগণ কিন্তু এখনো এই সরকারের ওপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। তবে একটা প্রশ্ন হচ্ছে, সরকার কি আদৌ জনগণের ওপর আস্থা রাখতে চায়? কারণ, জনগণের সঙ্গে সরকারের আস্থার সম্পর্ক নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। দেশের ভেতরে হোক, বাইরে হোক; প্রশাসনের ভেতরে হোক বা বাইরে হোক; ওরা কিন্তু ওত পেতে আছে। কারণ, এদের ব্যর্থ করে দেওয়া গেলে বাংলাদেশের গণতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া যাবে।
তিনি বলেন, সম্পূর্ণ বিধ্বস্ত একটি প্রশাসন ও রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। মাফিয়া সরকারের প্রায় ১৫ বছরের তৈরি করা জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয়। তবে তিন মাস পর এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা বা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিংবা অস্বাভাবিকও নয়। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের একটি বিষয়ে মনে রাখা দরকার যে জনগণের সব দাবি হয়তো তাদের পক্ষে পূরণ করা সম্ভব নয়। কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয় বা জনগণ দেখতে পায়, সেটাও কিন্তু জনগণ সহজভাবে মেনে নেবে না।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা আরও বলেন, ‘রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার নির্ধারণে যদি ভুল হয়, সেটি জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে।’ তারেক রহমান প্রশ্ন তোলেন, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসা, নিরাপত্তা কেন অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারে নেই বা সেটা কত নম্বরে ছিল। বাজার সিন্ডিকেট ভাঙা সরকারের অগ্রাধিকারের কত নম্বরে আছে?
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগনের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করছে, নিরপেক্ষ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিতে সক্ষম হবে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে। জনগণ যখন সত্যিকার অর্থে বুঝতে পারবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে, তখন জনগণের সঙ্গে সম্পর্কটা দৃঢ় হবে। শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (জেটেব) তৃতীয় জাতীয় কাউন্সিলে ভার্চুয়াল বক্তৃতায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।


