আজকের পৃথিবীটা উন্নত প্রযুক্তি আর অর্থনৈতিক ব্যবস্থার ছায়ায় বেঁচে থাকলেও, প্রকৃতি ধ্বংস হচ্ছে, মানুষ আত্মিকভাবে নিঃস্ব হয়ে পড়ছে, এবং আমরা এমন এক সমাজব্যবস্থায় আটকে যাচ্ছি, যা অনেকের জন্য উপযুক্তই নয়। ফলে প্রশ্ন জাগে দর্শনের কাজ যদি হয় ‘কেন বাঁচি’ আর ‘কীভাবে বাঁচা উচিত’ এই প্রশ্নের উত্তর খোঁজা, তবে আমাদের আধুনিক দর্শন কীভাবে এমন এক পথে আমাদের নিয়ে এল যেখানে আমরা নিজেরাই নিজেদের ও আমাদের পরিবেশের ধ্বংস ডেকে আনছি?
পশ্চিমা ও প্রাচ্য দর্শনের মধ্যে দীর্ঘকাল ধরে তুলনামূলক চিন্তা চলেছে। উপনিষদ, গীতা কিংবা দাও দে চিং-এর মতো দর্শন পশ্চিমে জনপ্রিয় হলেও, এই দর্শনগুলিও যুদ্ধ থামাতে পারেনি, কিংবা আমাদের পরিবেশ রক্ষার জন্য কার্যকর জীবনদর্শন উপহার দিতে পারেনি। সেই অভাব পূরণে আদিবাসী দর্শন এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়।
Miguel van der Velden দেখিয়েছেন আদিবাসী দর্শনের কেন্দ্রে রয়েছে পৃথিবীর প্রতি গভীর আধ্যাত্মিক ও অস্তিত্ববাদী সম্পর্ক, যা কেবল চিন্তার বিষয় নয়, বরং জীবিত অভিজ্ঞতা। পশ্চিমে ঈশ্বরকে ভাবা হয় জগতের বাইরের এক সত্তা হিসেবে (transcendent), আর প্রাচ্যে ঈশ্বর জগতের অন্তর্গত (immanent)। কিন্তু আদিবাসী দর্শন বলে জগৎটাই ঈশ্বর। এই ধারণা স্পিনোজার মতবাদের সঙ্গেও সাদৃশ্যপূর্ণ, তবে আদিবাসী সমাজে এটা কেবল এক দার্শনিক মত নয়, জীবনের পদ্ধতি।
জগৎ এখানে শুধুমাত্র বস্তুগত জিনিসপত্রের সমষ্টি নয়। গাছ, নদী, পাহাড়, পশু, মানুষ সব কিছু একটি বৃহৎ চেতনার অংশ। এই দৃষ্টিভঙ্গি বলে, আমরা পৃথিবীর উপর আধিপত্য করতে আসিনি, বরং তার সন্তান হিসেবে বেড়ে উঠতে এসেছি। যখন বলা হয় “পৃথিবী আমাদের মা”—তখন তা শুধু এক কাব্যিক উপমা নয়, বরং নারী, প্রজনন, খাদ্য, পরিবেশ ও নৈতিক দায়িত্বের সম্মিলিত দার্শনিক দৃষ্টিকোণ।
তবে আদিবাসী দর্শন বলতে একক কোনো মতবাদ বোঝানো ঠিক নয়। পৃথিবীর প্রায় ৩০ কোটির বেশি আদিবাসী জনগোষ্ঠী রয়েছে, যারা ভিন্ন ভিন্ন ভাষা, সংস্কৃতি ও জীবনধারার ধারক। কিন্তু তাদের মাঝে একটি মৌলিক মিল হলো তারা সবাই প্রকৃতির ওপর নির্ভরশীল জীবনযাপন করে এবং তাদের সাংস্কৃতিক আধ্যাত্মিকতা ভূমির সাথে গভীরভাবে যুক্ত।
আদিবাসী পরিচয়ের মূলতত্ত্ব হচ্ছে ভূমির সঙ্গে সংযোগ। অনেক আদিবাসী জনগোষ্ঠী হয়তো ঐ ভূমির প্রথম বাসিন্দা নয়, কিন্তু তাদের সংস্কৃতি সেই ভূমির সাথে এমনভাবে মিশে আছে যে, সেটাই হয়ে উঠেছে আত্মপরিচয়ের কেন্দ্র। জমি তাদের কাছে শুধুমাত্র চাষের ক্ষেত্র নয়, বরং তাদের পূর্বপুরুষ, ভাষা, উৎসব, মৃত্যুর ধারণা, এমনকি বিচার ব্যবস্থারও ভিত্তি।
এভাবেই দর্শন জন্ম নেয়। দর্শন তাদের কাছে জীবনের অংশ, বিশেষজ্ঞদের আলোচনার বিষয় নয়। আদিবাসী সমাজে প্রতিটি উৎসব, প্রতিটি গান, প্রতিটি গল্প সবই জীবনের গভীর ভাবনা বহন করে।
প্রশ্ন আসে আদিবাসী দর্শন কীভাবে দার্শনিক চিন্তায় স্থান করে নেয়?
আদিবাসী দর্শন জগৎকে দ্বৈত নয়, সান্নিধ্যমূলকভাবে দেখে। পশ্চিমা ‘দ্বৈতবাদ’ বলে শরীর আর আত্মা আলাদা, আলো আর অন্ধকার বিপরীত। প্রাচ্যের ‘অদ্বৈতবাদ’ বলে সবই এক। কিন্তু আদিবাসী দর্শন এক অদ্ভুত ভারসাম্য রক্ষা করে, তারা বলে সব কিছু একই উৎস থেকে এসেছে, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছে। আমরা পৃথক, তবুও সংযুক্ত। এখানে আত্মপরিচয় মানে একযোগে স্বতন্ত্রতা ও পারস্পরিকতা।
ক্ষমার ধারণাও ভিন্ন। আধুনিক সমাজে ক্ষমা আত্মিক ব্যাখ্যার বিষয় ‘আমি কষ্ট ভুলে যাচ্ছি’। কিন্তু Wayuu জাতিগোষ্ঠীর মতো অনেক আদিবাসী সমাজে ক্ষমা ব্যক্তিগত নয়, বরং সামাজিক। কোনো ভুল হলে তার সমাধান আসে এক অনুষ্ঠানমালার মাধ্যমে, যেখানে অপরাধী, ক্ষতিগ্রস্ত, পরিবার ও সম্প্রদায়ের সবাই অংশ নেয়। এখানে ক্ষমা মানে সামগ্রিক পুনর্মিলন, ব্যক্তি নয় সম্প্রদায়কে জুড়ে দেওয়া।
তৃতীয়ত আদিবাসী দর্শন আমাদের শেখায় কীভাবে প্রকৃতির সঙ্গে ভারসাম্য রেখে টিকে থাকা যায়। আদিবাসী সমাজ প্রকৃতিকে ব্যবহার করেনি, তার সঙ্গে সহাবস্থান গড়েছে। এই সহাবস্থানের কারণেই তারা টিকে আছে হাজার হাজার বছর ধরে। আর এখানেই রয়েছে তাদের দর্শনের মূল্য।
আত্মপরিচয়ের সংকটে থাকা বর্তমান প্রজন্মের জন্য আদিবাসী দর্শন হতে পারে এক পুনর্জন্মের পথ। Miguel van der Velden লিখেছেন তরুণরা আজ আত্মিকভাবে ছিন্নভিন্ন। তারা আধ্যাত্মিকতা খোঁজে কিন্তু পায় না। আদিবাসী দর্শন এখানে এক নতুন স্পর্শ দেয় যেখানে আধ্যাত্মিকতা মানে নিজেকে প্রকৃতির মধ্যে পুনরায় আবিষ্কার করা।
শেষ পর্যন্ত আদিবাসী দর্শন আমাদের এই সংকটপূর্ণ সময়ে নতুন পথ দেখাতে পারে যেখানে মানুষ শুধু একক সত্তা নয়, বরং একটি বৃহৎ জীবন্ত সত্তার অংশ হয়ে যায়। আধুনিক দর্শন যেখানে ভাবনার অনুশীলন, আদিবাসী দর্শন সেখানে জীবনের চর্চা।


