ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক বাংলাদেশি। গত বছর বাংলাদেশিদের জন্য প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু করা হয়।
গত দুই মাস ধরে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শুধু শিক্ষার্থী এবং জরুরি চিকিৎসা সংক্রান্ত কিছু ভিসার প্রক্রিয়াকরণ সীমিত আকারে চলছে। দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে-আগস্ট মাসে নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ৪০০টিরও বেশি ভিসা আবেদন রিভিউ করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, ওই সময়ে মোট কতগুলো ভিসা ইস্যু করা হয়েছে, তা জানা যায়নি। ভারতে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক আসে বাংলাদেশ থেকে। ভারতের এক সরকারি কর্মকর্তার বরাতে জানা যায়, গত বছর বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু করা হয়েছিল। ৫ আগস্ট সরকার পতন পরবর্তী নিরাপত্তাহীনতার কারণে ১ মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বরের শুরুতে ভিসা সেন্টারগুলো খুললেও এখনো সীমিত পরিসরেই কার্যক্রম চলছে।


