মিনিয়াপোলিসের রাস্তায় এক পুলিশ কর্মকর্তার হাঁটুতে আটকে থাকা জর্জ ফ্লয়েডের মৃত্যুর সেই কুখ্যাত ৮ মিনিট ৪৬ সেকেন্ড (পরে প্রসিকিউটররা সময় পরিবর্তন করে ৯ মিনিট ২৯ সেকেন্ড ঘোষণা করেন) মুহূর্তটি কয়েক ঘণ্টার মধ্যে আমেরিকার চেতনায় গভীর ছাপ ফেলেছিল। দুই সপ্তাহের মধ্যে, ঠিক একই সময় ধরে নীরবতা পালন করা হয়েছিল গোটা বিশ্বজুড়ে। ২০২০ সালের জুলাইয়ের শুরুতে, ধারণা করা হয় প্রায় ২৬ মিলিয়ন আমেরিকান ৪,৭০০ এর বেশি বিক্ষোভে অংশগ্রহণ করেছিল। তারপর শুরু হলো মূর্তি ভাঙার ঘটনা, শক্তিশালী স্লোগান আর নতুন নতুন শব্দের ব্যবহার, যেমন “বর্ণবৈষম্যের বিরোধিতা” থেকে “বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি” । অনেকের জন্য এসব শব্দ ছিল নতুন এবং কিছুটা বিভ্রান্তিকর। কিন্তু এই সব উত্তেজনা আর আন্দোলনের ঢেউ যেন চট করে এসে আবার দ্রুত মুছে গেছে। প্রতিবাদগুলো কি শুধুই এক একটি “মুহূর্ত” ছিল, নাকি একটি সত্যিকারের আন্দোলনের শুরু হয়ে অর্থবহ পরিবর্তনের সূচনা করেছিল? আমেরিকার ব্ল্যাক লাইভস ম্যাটার কর্মীদের সরল স্বীকারোক্তি, তারা তাদের উদ্দেশ্যের ঠিক উল্টো ফলাফল অর্জন করেছেন।


