বিশ্বব্যবস্থা এখন এমন এক হুমকির মুখে, যা স্নায়ুযুদ্ধের পর আর দেখা যায়নি। বিশ্ববাসীকে সতর্ক করে এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস ও যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-৬ এর প্রধান রিচার্ড মুর। ৭ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদপত্র দ্য ফিন্যান্সিয়াল টাইমসে বার্নস ও মুরের যৌথ নিবন্ধে বিশ্বব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে লিখেছেন তাঁরা।
তাঁরা জানিয়েছেন, ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ মোকাবিলায় দুই দেশ ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। পাশাপাশি, ইউরোপজুড়ে রাশিয়ার বেপরোয়া নাশকতামূলক তৎপরতার লাগাম টেনে ধরতে কাজ করা হচ্ছে। সিআইএ ও এমআই৬ চীনকে চলতি শতকের প্রধান গোয়েন্দা ও ভূরাজনৈতিক হুমকি হিসেবে দেখছে বলে জানিয়েছেন বার্নস ও মুর। তারা বলেন, গাজা যুদ্ধ বন্ধ ও পুনরায় উত্থান ঘটানো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) প্রতিহতের অংশ হিসেবে সন্ত্রাসবাদবিরোধী তৎপরতা চালানো হচ্ছে। শনিবার লন্ডনে এক নিরাপত্তা সম্মেলনেও বার্নস ও মুরকে প্রথমবারের মতো প্রকাশ্যে একসঙ্গে কথা বলতে দেখা গেছে। দুই গোয়েন্দাপ্রধানের ধারণা, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না ।


