সমতল পৃথিবী তত্ত্ব আধুনিক বিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়াশীল বিশ্বাসব্যবস্থা হিসেবে আবির্ভূত হয়েছে। যদিও বিজ্ঞানের অগ্রগতির ফলে পৃথিবীর গোলাকার আকৃতি বহু শতাব্দী পূর্বেই প্রমাণিত, তথাপি সমসাময়িক সময়ে এই তত্ত্বের প্রতি আকৃষ্ট একটি সম্প্রদায়ের উত্থান ইঙ্গিত করে যে, এই বিশ্বাসের উৎস কেবল অজ্ঞতা নয়, বরং একটি জটিল সামাজিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ফল।
প্রাচীন সভ্যতায় পৃথিবী সমতল এমন বিশ্বাস ছিল। ব্যাবিলনীয় ও মেসোপটেমীয় সভ্যতায় পৃথিবীকে একটি সমতল ডিস্ক হিসেবে কল্পনা করা হত। গ্রীক দার্শনিক পিথাগোরাস ও এরিস্টটল যুক্তি ও পর্যবেক্ষণের মাধ্যমে পৃথিবীর গোলাকারত্ব প্রতিষ্ঠা করেন। মধ্যযুগে ইসলামি দার্শনিক আল-বিরুনী ও আল-খাজিনিও একই ধারণাকে জ্যোতির্বিদ্যাগত ও গণিতভিত্তিক পন্থায় বর্ণনা করেন।
১৮শ শতাব্দীতে আধুনিক জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা ও নৌচলাচলের পরিপ্রেক্ষিতে গোলাকার পৃথিবীর ধারণা চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯ শতকে Samuel Rowbotham-এর ‘Zetetic Astronomy’ শিরোনামে রচিত পুস্তকে পুনরায় সমতল পৃথিবীর পক্ষে যুক্তি প্রদর্শনের প্রয়াস দেখা যায়, যা পরবর্তীকালে ‘International Flat Earth Research Society’ (১৯৫৬) গঠনের মাধ্যমে একটি আধুনিক ষড়যন্ত্রমূলক সম্প্রদায়ে পরিণত হয়।
সমতল পৃথিবী তত্ত্ব একটি বিকল্প জ্ঞান কাঠামোর প্রতিনিধিত্ব করে। Michael Barkun (২০০৩) তার ‘Culture of Conspiracy’ গ্রন্থে উল্লেখ করেন, এই ধরনের তত্ত্ব ‘stigmatized knowledge’-এর মাধ্যমে মূলধারার জ্ঞান কাঠামোকে অস্বীকার করে। এই জ্ঞানবিরোধী প্রতিক্রিয়া কেবল তথ্যগত বিভ্রান্তির ফসল নয়, এটি আধুনিকতার বিরুদ্ধে একধরনের মনোভাবগত প্রতিরোধও। Harambam ও Aupers (২০১৭) দেখিয়েছেন, এই বিশ্বাস কাঠামো মূলত আধিপত্যশীল বৈজ্ঞানিক কর্তৃত্বের বিরুদ্ধে এক ধরনের সাংস্কৃতিক প্রতিরোধ যেখানে ব্যক্তি অভিজ্ঞতা, দৃশ্যমানতা ও অনুভবকে বৈজ্ঞানিক পদ্ধতির চেয়ে অধিক সত্য হিসাবে প্রতিষ্ঠা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমসমূহের অ্যালগরিদমিক কাঠামো সমতল পৃথিবী তত্ত্বের বিস্তারে এক অনুঘটকের কাজ করেছে। Landrum, Olshansky ও Richards (২০১৯) প্রমাণ করেছেন, ইউটিউবের রিকমেন্ডেশন সিস্টেম ব্যবহারকারীদের একটি পরস্পর-বিচ্ছিন্ন তথ্যজগতে বন্দী করে, যেখানে বিকল্প ও ষড়যন্ত্রমূলক তথ্যসমূহ ক্রমাগত প্রাধান্য পায়। এই ‘filter bubble’ ব্যক্তি-মানসে একটি বিভ্রমময় বাস্তবতা তৈরি করে, যেখানে সমতল পৃথিবী শুধু একটি তত্ত্ব নয়, বরং একটি সামাজিক পরিচয় ও মানসিক আশ্রয়স্থল হয়ে ওঠে।
Imhoff ও Lamberty (২০১৭) মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখান, ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসীরা অধিকাংশ সময়েই নিজস্ব নিরাপত্তাহীনতা, আত্মপরিচয়ের সংকট এবং অস্তিত্বগত শূন্যতার মুখোমুখি হন। এই সংকটে, তারা এমন একটি বিকল্প বাস্তবতায় আশ্রয় নেন যেখানে তারা ‘জাগ্রত’-অর্থাৎ, তথাকথিত ‘ঘুমন্ত’ মূলধারার সমাজের চেয়ে অধিক সচেতন। এই ‘gnostic’ অবস্থান তাদেরকে দেয় জ্ঞানের এক বিপরীতমুখী অভিজ্ঞান। সমতল পৃথিবী তত্ত্বের পুনরুৎপাদন আধুনিক শিক্ষাব্যবস্থার যুক্তি ও অনুসন্ধানচর্চার দুর্বলতাকেও প্রকাশ করে। পাঠ্যক্রমে যখন বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা ও দর্শনচর্চার পরিসর সংকুচিত হয়, তখন শিক্ষার্থীরা কেবল তথ্য মুখস্থ করে কিন্তু প্রশ্ন করতে শেখে না। ফলে, বিকল্প ও ষড়যন্ত্রমূলক বিশ্বাসভিত্তিক তত্ত্বের প্রতি তাদের গ্রহণযোগ্যতা বাড়ে। এ থেকে উত্তরণে প্রয়োজন আন্তঃবিষয়ক (interdisciplinary) ও দার্শনিক সংলাপভিত্তিক শিক্ষা।
সমতল পৃথিবী তত্ত্ব একটি পৌরাণিক জ্ঞান কাঠামোর পুনরুত্থান নয়; এটি আধুনিক সমাজের জ্ঞান-রাজনীতির, প্রযুক্তি-নির্মিত বাস্তবতার ও মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতার এক জটিল আন্তঃসম্পর্কীয় উপসহাপন। এটি সমাজের প্রান্তিক চেতনা, আধিপত্যবিরোধী প্রবণতা, এবং এক ধরনের অস্তিত্বগত সংকটের বহিঃপ্রকাশ। সুতরাং, এই তত্ত্বকে কেবল হাস্যকর বা বিভ্রান্তিমূলক হিসেবে প্রত্যাখ্যান না করে, সমাজ-মনস্তাত্ত্বিক ও জ্ঞানতাত্ত্বিক পরিসরে তার বিশ্লেষণ জরুরি।


