মানব চেতনা দর্শন, মনোবিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞানের অন্যতম রহস্যময় এবং ব্যাপক আলোচিত বিষয়। এটি আত্মসচেতনতা, ধারণা এবং চিন্তার ভিত্তি। সামাজিক স্নায়ুবিজ্ঞান, যা অন্বেষণ করে কীভাবে জৈবিক প্রক্রিয়াগুলি সামাজিক আচরণ এবং প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করে। চেতনা এবং সামাজিক জ্ঞান কীভাবে পারস্পরিক সম্পর্কযুক্ত তা বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ কাঠামো প্রদান করে।
চেতনাকে সাধারণভাবে একজন ব্যক্তির অভ্যন্তরীণ এবং বাহ্যিক অভিজ্ঞতার সচেতনতা হিসেবে সংজ্ঞায়িত করা যায়। এটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত যেমন জাগ্রত থাকা, আত্মসচেতনতা এবং নিজের চিন্তাগুলি পর্যবেক্ষণ করার ক্ষমতা। দেকার্ত, কান্ট এবং হেগেলের মতো দার্শনিকরা দীর্ঘকাল ধরে এর প্রকৃতি নিয়ে ভাবনা-চিন্তা করেছেন। যখন আধুনিক স্নায়ুবিজ্ঞান এর জৈবিক ভিত্তি উন্মোচনের চেষ্টা করছে।
দেকার্তের দর্শন চেতনার স্বতন্ত্রতা ও আত্মপরিচয়ের ওপর গুরুত্ব দেয়। ইমানুয়েল কান্ট চেতনাকে অভিজ্ঞতার কাঠামো হিসেবে ব্যাখ্যা করেছেন। যা সময় ও স্থানের মধ্যে আমাদের উপলব্ধির গঠন নির্ধারণ করে। অন্যদিকে হেগেল চেতনাকে ঐতিহাসিক ও সামাজিক বিকাশের সাথে যুক্ত করেছেন। যেখানে চেতনার বিকাশ আত্মপরিচয় ও পারস্পরিক স্বীকৃতির উপর নির্ভর করে। চেতনা সম্পর্কে দুটি প্রধান দৃষ্টিভঙ্গি রয়েছে। হ্রাসবাদী দৃষ্টিভঙ্গির ধারণা বলে, চেতনা সম্পূর্ণভাবে স্নায়বিক প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভূত হয় এবং মস্তিষ্কের ক্রিয়াকলাপের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। অহ্রাসবাদী দৃষ্টিভঙ্গি চেতনাকে শুধুমাত্র স্নায়ুবিক ক্রিয়ার ফলাফলের চেয়ে বেশি কিছু বলে মনে করে এবং সম্ভবত এটি বর্তমান বৈজ্ঞানিক বোঝার বাইরেও যেতে পারে।
তবে, বিজ্ঞানীরা বেশ কয়েকটি মস্তিষ্কের অঞ্চল চেতন অভিজ্ঞতার সাথে সম্পর্কিত বলে চিহ্নিত করেছেন, রেছেন, বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স, থ্যালামাস এবং ডিফল্ট মোড নেটওয়ার্ক (DMN)। স্নায়ুবৈজ্ঞানিক গবেষণা ইঙ্গিত দেয় বিভিন্ন মস্তিষ্কের অঞ্চলের পারস্পরিক সংযোগ থেকে চেতনা উদ্ভূত হয়। গ্লোবাল ওয়ার্কস্পেস থিওরি বলে যে চেতনা তখনই উদ্ভূত হয় যখন তথ্য মস্তিষ্ক জুড়ে বিশ্বব্যাপী সম্প্রচারিত হয়। ইন্টিগ্রেটেড ইনফরমেশন থিওরি প্রস্তাব করে যে চেতনা একটি সিস্টেমের মধ্যে উচ্চমাত্রার সংযুক্ত তথ্যের ফলাফল। হায়ার-অর্ডার থট ধারণাটি বলে চেতনার জন্য নিম্ন-স্তরের মানসিক অবস্থার উপর উচ্চন্তরের চিন্তার প্রতিফলন প্রয়োজন।
সামাজিক স্নায়ুবিজ্ঞান এই বোঝাপড়াকে সম্প্রসারিত করে এবং ব্যাখ্যা করে কীভাবে এই চেতনাগত প্রক্রিয়াগুলি আন্তঃব্যক্তিক মিথস্ক্রিয়াকে প্রভাবিত করে। ১৯৯০-এর দশকে আবিষ্কৃত মিরর নিউরন এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই নিউরনগুলো তখন সক্রিয় হয় যখন আমরা কোনো কাজ করি এবং যখন অন্য কাউকে একই কাজ করতে দেখি। এটি একটি ভাগ করা চেতনার অভিজ্ঞতা তৈরি করে এবং সামাজিক বন্ধন ও আবেগগত বোঝাপড়ার উন্নতি ঘটায়। উদাহরণস্বরূপ যখন আমরা কারো যন্ত্রণা দেখি আমাদের মিরর নিউরন ব্যবস্থা মস্তিষ্কের সেইসব অঞ্চলে সক্রিয় হয় যা আমাদের নিজেদের ব্যথা অনুভব করার সময় সক্রিয় হয়। একইভাবে ক্রীড়াবিদরা যখন তাদের কোচের নির্দেশনা অনুযায়ী কোনো কৌশল অনুশীলন করেন তখন তাদের মস্তিষ্ক সেই কৌশলটি শিখতে সহায়তা করে।
থিওরি অব মাইন্ড বলতে বোঝায় আত্ম ও অপরের মানসিক অবস্থা বোঝার এবং অনুমান করার ক্ষমতা। এটি সামাজিক মিথস্ক্রিয়া এবং নৈতিক সিদ্ধান্তের জন্য অপরিহার্য। মিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স (mPFC), টেম্পোরোপারিয়েটাল জাংশন (TPJ), এবং সুপিরিয়র টেম্পোরাল সালকাস (STS) এই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা রাখে। একটি ব্যবহারিক উদাহরণ হলো যখন একজন শিক্ষক ক্লাসে শিক্ষার্থীদের প্রশ্ন করেন তখন শিক্ষার্থীরা তাদের উত্তর দেওয়ার আগে শিক্ষকের মানসিক অবস্থা বুঝতে চেষ্টা করে। ব্যবসার ক্ষেত্রেও সফল বিক্রেতারা ক্রেতাদের আবেগ ও প্রয়োজন বুঝে তাদের কাছে পণ্য উপস্থাপন করেন।
গবেষণায় দেখা গেছে যে যখন মানুষ গভীর কথোপকথনে লিপ্ত হয় বা একসাথে কাজ করে তখন তাদের মস্তিষ্কের তরঙ্গ একে অপরের সাথে সমন্বিত হয়। খেলাধুলার জগতে, ফুটবল বা বাস্কেটবল টিমের খেলোয়াড়দের মধ্যে সঠিক বোঝাপড়া এবং সমন্বয় তাদের খেলার গুণগত মান বাড়িয়ে তোলে। মানব চেতনা এবং সামাজিক স্নায়ুবিজ্ঞানের সম্পর্ক অত্যন্ত জটিল। সহানুভূতি, থিওরি অব মাইন্ড এবং নিউরাল সিক্রোনির মতো প্রক্রিয়াগুলি প্রমাণ করে যে মানব চেতনা একটি সামাজিক প্রপঞ্চ। এই সম্পর্কের গভীরতর গবেষণা কেবল মানব মনের বোঝার ক্ষেত্রেই নয় মানসিক স্বাস্থ্য, শিক্ষা এবং ভবিষ্যতের কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানুষের মিথস্ক্রিয়া সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


