পরিবার সমাজের অন্যতম মৌলিক প্রতিষ্ঠান। এটি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে। একসময় পরিবার মানে ছিল যৌথ পরিবার নামে পরিচিত দাদা-দাদি, বাবা-মা, চাচা-ফুপু ও সন্তানদের নিয়ে একসঙ্গে বসবাসের এক বৃহৎ কাঠামো। কিন্তু আধুনিক নগরায়ণ, কর্মসংস্থানের সুযোগ এবং ব্যক্তিস্বাধীনতার কারণে নিউক্লিয়ার পরিবার এখন প্রধান সামাজিক কাঠামো হয়ে উঠেছে। এই পরিবর্তন কি সম্পর্কের দৃঢ়তা বাড়াচ্ছে, নাকি বিচ্ছিন্নতাকে ত্বরান্বিত করছে? যৌথ ও নিউক্লিয়ার পরিবারের টানাপোড়েনের মাঝে ভবিষ্যতের পরিবার কোন দিকে যাচ্ছে? যৌথ পরিবার কেবল বসবাসের একটি কাঠামো ছিলো না। এটি ছিলো সামাজিক শিক্ষা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আবেগিক সমর্থনের এক মজবুত ভিত্তি। একাধিক প্রজন্ম একসঙ্গে বসবাস করায় পারস্পরিক সহায়তা সহজতর হতো।
গ্রামবাংলার অনেক পরিবার এখনো যৌথভাবে বসবাস করে, যেখানে দাদা-দাদির তত্ত্বাবধানে শিশুরা বড় হয়। পারিবারিক ঐতিহ্য রক্ষা করা হয় এবং যেকোনো সমস্যায় পরিবারের সদস্যরা একে অপরের পাশে থাকে। মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে যৌথ পরিবার শ্রমের বিভাজনকে উৎসাহিত করে এবং অর্থনৈতিক উৎপাদনশীলতা বাড়ায়। একইসঙ্গে সমাজবিজ্ঞানী এমিল দুর্কহাইম মনে করেন, যৌথ সমাজব্যবস্থা মানুষের মধ্যে একাত্মবোধ সৃষ্টি করে, যেটি সমাজের স্থিতিশীলতা বজায় রাখে নগরায়ণ ও আধুনিক জীবনের চাহিদার কারণে নিউক্লিয়ার পরিবার (স্বামী-স্ত্রী ও সন্তান) এখন বেশি প্রচলিত। ব্যক্তিস্বাধীনতা ও ক্যারিয়ারের গুরুত্ব এই পরিবর্তনের অন্যতম কারণ। কিন্তু এই স্বাধীনতার মূল্য কি একাকিত্ব?
শহরের কর্মজীবী বাবা-মা ব্যস্ত থাকায় সন্তানেরা একা সময় কাটায়। পরিবারের সদস্যরা একসঙ্গে বসবাস করলেও মানসিকভাবে দূরত্ব তৈরি হয়। এটি ধীরে ধীরে সম্পর্কের গভীরতায় প্রভাব ফেলে। নিউক্লিয়ার পরিবার আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। যেখানে ব্যক্তি তার স্বাতন্ত্র্য ও ব্যক্তিগত জীবনযাপনের গুরুত্ব দেয়। যৌথ পরিবারে আয় ও ব্যয়ের বোঝা ভাগ করা হয়, যা সদস্যদের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। পরিবারের সদস্যদের মধ্যে সমর্থনের ফলে জীবনযাত্রার ব্যয় তুলনামূলকভাবে কম হয়। অন্যদিকে, নিউক্লিয়ার পরিবারে একজন বা দুইজন উপার্জনকারী থাকায় পুরো পরিবারের দায়িত্ব তাদের ওপর পড়ে। এটি স্বাধীনতা দিলেও, আর্থিক চাপে ফেলতে পারে।
যৌথ পরিবারে পারস্পরিক নির্ভরশীলতা ও সম্পর্কের গভীরতা বেশি থাকে। পরিবারের সদস্যরা একে অপরের প্রতি দায়িত্বশীল থাকে, যা সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত করে। অপরদিকে, নিউক্লিয়ার পরিবারে স্বাধীনতা ও ব্যক্তিগত গোপনীয়তার গুরুত্ব বেশি হলেও পারিবারিক সংযোগ দুর্বল হয়ে যায়। পরিবারে বাবা-মা কর্মজীবী হলে শিশুরা একাকী বেড়ে উঠে বা বাইরের পরিচর্যার ওপর নির্ভর করতে হয়। যৌথ পরিবার পারিবারিক ঐতিহ্য ও সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করতে সহায়ক। এতে প্রজন্মের পর প্রজন্ম একই মূল্যবোধ ও জীবনধারা অনুসরণ করে। কিন্তু নিউক্লিয়ার পরিবারে ব্যক্তিস্বাধীনতার কারণে সংস্কৃতি পরিবর্তনের হার বেশি।
নিউক্লিয়ার পরিবার আধুনিক জীবনের বাস্তবতা হলেও ভবিষ্যতে হয়তো পরিবার আরও নমনীয় কাঠামোর দিকে যাবে। প্রযুক্তির অগ্রগতি এবং ব্যক্তিগত স্বাধীনতার কারণে এক নতুন ধরনের সামাজিক কাঠামো গঠিত হতে পারে, যেখানে কম্ফোরট জোন মিলে “নতুন যৌথ পরিবার” তৈরি হবে। বর্তমানে ইউরোপ ও আমেরিকায় “co-living spaces” জনপ্রিয় হচ্ছে, যেখানে বন্ধু বা অপরিচিত ব্যক্তিরা একত্রে বসবাস করে। কিন্তু প্রত্যেকের নিজ নিজ স্বাধীনতাও বজায় থাকে। এটি ভবিষ্যতের পরিবারের এক সম্ভাব্য রূপ হতে পারে, যেখানে রক্তের সম্পর্ক ছাড়াও পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবার গঠিত হবে।
যৌথ পরিবার সামাজিক বন্ধন ও পারস্পরিক সহায়তার ভিত্তি শক্তিশালী করে। তবে ব্যক্তিস্বাধীনতার সীমাবদ্ধতা থাকতে পারে।নিউক্লিয়ার পরিবার ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীনতা নিশ্চিত করে। তবে সামাজিক সংযোগ দুর্বল হয়ে যেতে পারে। ভবিষ্যতে পরিবার কাঠামো কীভাবে গড়ে উঠবে তা এখনো অনিশ্চিত। বর্তমান প্রজন্ম কি যৌথ পারিবারিক ঐতিহ্যে ফিরে যাবে, নাকি নিউক্লিয়ার পরিবারই আধুনিক সমাজের মানদণ্ড হয়ে থাকবে? সময়ই এর উত্তর দেবে।


