রূপকথা শুধু যুগ যুগ ধরে শুনে আসা গল্প নয়। বাংলা সাহিত্যের আদিম ধারা হিসেবেও স্বীকৃত। এর মাধ্যমে সামাজিক, নৈতিক এবং ধর্মীয় মূল্যবোধ প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ সমাজে রূপকথার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান এবং নৈতিক শিক্ষার প্রচার হয়েছে। বাংলা রূপকথাগুলোতে বাঙালি সংস্কৃতি, সামাজিক আচার-অনুষ্ঠান এবং জীবনধারার প্রতিফলন দেখা যায়। এসব রূপকথার মাধ্যমে গ্রামবাংলার প্রকৃতি, ঐতিহ্য এবং লোকজ বিশ্বাসগুলোর একটি স্পষ্ট ছবি পাওয়া যায়। “ঠাকুরমার ঝুলি”, “সাত ভাই চম্পা” বা “লালকমল নীলকমল”- এসব কেবল রূপকথার গল্প বিনোদন নয়, এগুলো আমাদের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। এই গল্পগুলো শেখায় যে, শুভবুদ্ধি ও সাহস থাকলে কোনো বাধাই আমাদের আটকাতে পারে না।
যেমন, “সাত ভাই চম্পা” গল্পে দেখা যায়, রাজকন্যা চম্পা নিজের সাহস ও বুদ্ধি দিয়ে ভাইদের উদ্ধার করে। এটি আমাদের জীবনে আত্মবিশ্বাসী হতে শেখায়। স্বপ্ন দেখার শক্তিও রূপকথার আমাদের শিখিয়েছে। “আলাদিনের আশ্চর্য প্রদীপ” গল্পটি কেবল যাদুর প্রদীপের কথা বলে না, এটি আমাদের শেখায় সুযোগকে কাজে লাগাতে। আমাদের জীবনের প্রতিটি স্বপ্নই একেকটি “আলাদিনের প্রদীপ”, যার আলো আমাদের পথ দেখায়। প্রতিটি রূপকথায় ভালো ও মন্দের মধ্যে এক স্পষ্ট বিভাজন থাকে। যেটি আমাদের ন্যায়বিচার ও সততার গুরুত্ব বোঝায়। “গুপী গাইন বাঘা বাইন” গল্পে দেখা যায়, সৎ ও পরিশ্রমী মানুষ সবসময় সফল হয়, আর লোভীরা শেষে হার মানে। এটি আমাদের জীবনেও সত্য-সততা ও নিষ্ঠাই শেষ পর্যন্ত সাফল্য এনে দেয়।
আবার যেমন, “গোপাল ভাঁড়” এর গল্পগুলোতে বুদ্ধি ও হাস্যরসের মিশ্রণ দেখা যায়, যা আমাদের প্রতিদিনের সমস্যা মজার ছলে সমাধান করতে শেখায়। “সিন্ডারেলা” গল্পে যেমন, অবহেলিত মেয়েটি একদিন রাজপ্রাসাদের রানী হয়। এটি যেন শেখায় ধৈর্য ও পরিশ্রম থাকলে আমাদের জীবনেও আশ্চর্য পরিবর্তন আসতে পারে। কেউ কেউ উল্লেখ করেছেন যে “বিউটি অ্যান্ড দ্য বিস্ট” লেখা হয়েছিল ফ্রান্সের তরুণীদের বোঝানোর জন্য যে কুৎসিত ছেলেদের সাথে বিবাহ ঠিক আছে কারণ বাহ্যিক চেহারা দেখে মানুষকে বিচার করা উচিত নয়।আমরা যখন পরিশ্রম করি, তখন হয়তো আন্মনেই মনে মনে বলে উঠি, “একদিন আমাদের “সোনার হরিণ” মিলবে।” আমরা যখন নতুন কিছু শুরু করে সফল হই, তখন ভাবি, “এ যেন “আলাদিনের প্রদীপ” হাতে পাওয়ার মতো।”
আবার, জীবনে ভালো কিছু ঘটলে মনে হয়, জীবন বুঝি “রূপকথার রাজ্যে” ঢুকে পড়েছে! এ থেকে বোঝা যায় রূপকথা সমাজের রক্তে রক্তেই মিশে গেছে। বন্ধুত্ব, প্রেম, পরিবারের ভালোবাসা সব কিছুতেই রূপকথার ছোঁয়া আছে। বাংলার সমাজে রূপকথা মানুষের জন্য শুধু গল্প নয়, এটি জীবনচর্চা, মূল্যবোধ ও স্বপ্নগুলোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এটি শেখায় যে জীবন এক রঙিন গল্প, যেখানে আমরা সবাই একেকজন একেকটি রূপকথার অংশ।


