সবুজ জীবনযাপন বলতে এমন একটি জীবনধারা বোঝায়, যেখানে আমরা আমাদের দৈনন্দিন কার্যক্রমে পরিবেশের প্রতি যত্নশীল থাকি, নিরাপদ জীবনাধারন করি, পরিবেশের যত্ন নিই এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করি। আমাদের প্রাত্যহিক জীবনে সবুজ জীবনযাপনের বিকল্প নেই। নিম্নে কিছু উদাহরণ তুলে ধরা হলো।
যেমন-
পরিবেশ সুরক্ষা –
সবুজ জীবনযাপনের মাধ্যমে আমরা বায়ু, পানি এবং মাটির দূষণ কমাতে পারি। উদাহরণস্বরূপ, পুনর্ব্যবহার প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য কমানো যায়, যা ল্যান্ডফিলের পরিমাণ হ্রাস করে এবং মাটির দূষণ প্রতিরোধ করে।
স্বাস্থ্যকর জীবনধারা –
জৈব খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং প্রাকৃতিক পণ্য ব্যবহারের মাধ্যমে আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়। রাসায়নিক মুক্ত পণ্য ব্যবহারে ত্বকের সমস্যা ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকি কমে। ।
অর্থনৈতিক সাশ্রয় –
জ্বালানি সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এবং বিদ্যুৎ ও পানির অপচয় রোধের মাধ্যমে মাসিক বিল কমানো যায়। এছাড়া, স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য ক্রয় পরিবহন খরচ কমায়।
প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ –
পুনর্ব্যবহার, পুনঃব্যবহার এবং কম ব্যবহার নীতির মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করতে পারি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণে সহায়তা করে।
সবুজ জীবনযাপনের জন্য করণীয়গুলো আমরা অনেক শুনেছি, কিন্তু সচেতন হয়েছি কি! অল্প একটু সতর্কতাই কিন্তু আমাদের গ্রীন লিভিং এ সাহায্য করতে পারে।
যেমন-
জ্বালানি সাশ্রয় –
শক্তি সাশ্রয়ী বাল্ব ও যন্ত্রপাতি ব্যবহার করুন। অপ্রয়োজনীয় আলো ও যন্ত্রপাতি বন্ধ রাখুন। সৌর শক্তি বা বায়ু শক্তির মতো পুনর্নবীকরণযোগ্য জ্বালানি উৎস ব্যবহার নিয়ে বিবেচনা করুন।
পানি সংরক্ষণ –
পানির অপচয় রোধ করুন, পৃথিবীতে এখনও বিশাল সংখক মানুষ নিরাপদ পানির অভাবে ভুগে। স্নান ও বাসন ধোয়ার সময় পানির ব্যবহার নিয়ন্ত্রণ করুন। বৃষ্টির পানি সংগ্রহ করে বাগান বা অন্যান্য কাজে ব্যবহার করুন। নিকটস্থ পানির উৎস গুলোর যত্ন নিন।
খাদ্যাভ্যাস –
সম্ভব হলে জৈব ও স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্য গ্রহণ করুন। ফাস্ট ফুড এর পরিবর্তে সবজি ও ফলমূলের প্রতি গুরুত্ব দিন। খাবারের অপচয় রোধে পরিকল্পনা করে রান্না করুন।
বর্জ্য ব্যবস্থাপনা –
পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করুন। প্লাস্টিকের পরিবর্তে কাপড় বা কাগজের ব্যাগ ব্যবহার করুন। কম্পোস্টিং এর মাধ্যমে জৈব বর্জ্য পুনর্ব্যবহার করুন। আশপাশের গাছপালার প্রতি যত্নশীল হোন। নিজের গাছ লাগানোর সুযোগ না থাকলে বাসার ছোট ছোট স্পেস গুলো সুস্থ প্রশ্বাসের জন্য সহায়ক, এমন প্ল্যান্টের টব দিয়ে সাজান। সবুজ জীবনযাপন গ্রহণের পথে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে, যেমন প্রাথমিক খরচ বৃদ্ধি বা অভ্যাস পরিবর্তনের অসুবিধা। তবে সচেতনতা বৃদ্ধি, শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে এই বাধাগুলো অতিক্রম করা সম্ভব।
সবুজ জীবনযাপন কেবলমাত্র একটি জীবনধারা নয়, এটি আমাদের পরিবেশ, স্বাস্থ্য এবং অর্থনীতির জন্য একটি নির্মল ভবিষ্যৎ গড়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রত্যেকের উচিত দৈনন্দিন জীবনে সুন্দর অভ্যাসগুলি গ্রহণ করে পৃথিবীকে একটি নিরাপদ বাসযোগ্য স্থান হিসেবে গড়ে তোলা।
সুকান্ত লিখেছিলেন –
এ বিশ্বকে এ-শিশুর বাসযাগ্যে করে যাবো আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
আমরাও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী তৈরি করতে অঙ্গীকারবদ্ধ হই।


