‘যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন, তাহলে গত ৫৩ বছর তারা কী করেছেন’ এমন প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার, ১৩ ডিসেম্বর রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত গাড়িচালকদের পুনঃপ্রশিক্ষণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘৫৩ বছরে কেন সংস্কার করলেন না? রাজনীতিবিদরাই যদি সংস্কার করতে পারেন, তাহলে আমাদের দায়িত্ব নিতে হতো না। প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।’
ভারতের সঙ্গে বন্ধুত্ব ঠিক রাখতে গিয়ে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই জানিয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, ‘রাজনৈতিক কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের আকাশে যে কালো মেঘ এসেছে, দুই দেশের বৃহত্তর স্বার্থে তা দূর করতে হবে।’ রিজওয়ানা দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন।


