সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে হুন্ডিতে টাকা পাঠানোর ঘোষণা দিয়েছিলেন প্রবাসীরা । ফলে টানা তিন মাস রেমিট্যান্স দুই বিলিয়নের বেশি এলেও জুলাই মাসে হঠাৎ দুই বিলিয়ন ডলারের নিচে চলে আসে । শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে বৈধপথে রেমিট্যান্স আসার পরিমাণ বেড়ে যায় । বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে , আগস্টের প্রথম তিনদিন রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৬ লাখ ডলার । ৪-১০ আগস্ট পর্যন্ত এসেছে ৩৮ কোটি ৭১ লাখ ডলার এবং ১১-১৭ আগস্ট পর্যন্ত এসেছে ৬৫ কোটি ১৪ লাখ ডলার ।চলতি মাসের (আগস্ট) প্রথম ১৭ দিনে দেশে বৈধপথে ১১৪ কোটি ৪২ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে ।


