যখন পরিবর্তনটা হল (বাংলাদেশে ক্ষমতার পালাবদল) , তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি । – ভারতীয় সেনাপ্রধান
প্রতিবেশী হিসেবে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে ভারতের সেনাবাহিনী প্রধান জে. উপেন্দ্র দ্বিবেদী বলেছেন , সম্পর্কে বিদ্বেষ কোনো পক্ষের জন্যই ভালো ফল আনবে না । ১৩ জানুয়ারি ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে সম্প্রতি বাংলাদেশের কয়েকটি সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে একজন সাংবাদিক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করেন । জবাবে বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য মনে করিয়ে দিয়ে জেনারেল দ্বিবেদী বলেন , “তিনি বলেছেন , ‘কৌশলগত কারণে ভারত আমাদের জন্য গুরুত্বপূর্ণ’ । আমাদের দিক দিয়েও বিষয়টা একই । কৌশলগত কারণে বাংলাদেশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ ।”
“আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে, পরস্পরকে বুঝতে হবে । কোনো ধরনের বিদ্বেষ আমাদের কারো স্বার্থের জন্যই ভালো হবে না ।” দুই দেশের সেনাবাহিনীর মধ্যে কোনো ‘সমস্যা নেই’ দাবি করে জেনারেল দ্বিবেদী বলেন , “যখন পরিবর্তনটা হল (বাংলাদেশে ক্ষমতার পালাবদল) , তখন থেকেই আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি । এমনকি গত ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সেও আমাদের কথা হয়েছে ।
“বাহিনীর মধ্যে সহযোগিতার বিষয়ে যদি বলতে হয় , সেটা আগের মতই চলছে । আমাদের অফিসাররা সেখানে এনডিসিতে যোগ দিয়েছেন । ওই পক্ষ থেকেও কোনো সমস্যা নেই । শুধু একটা বিষয় , যৌথ মহড়া যেটা হত , বর্তমান পরিস্থিতির কারণে সেটা সাময়িকভাবে স্থগিত আছে ।যখনই পরিস্থিতির উন্নতি হবে , আমাদের মহড়াও হবে ।” ভারতের সেনাপ্রধান বলেন , “এখন যদি দুই দেশের সম্পর্ক নিয়ে বলতে হয় , সম্পর্কের কথা আমরা তখনই বলতে পারি , যখন একটি নির্বাচিত সরকার থাকবে । সেনাবাহিনী পর্যায়ে দুই দেশের সম্পর্ক ভালো এবং একদম ঠিক আছে ।”


