বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে , এমন মারাত্মক অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় । কলকাতা পৌর সংস্থার একটি স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বর্ষীয়ান তৃণমূলের শ্রমিক নেতা ও মন্ত্রী এই অভিযোগ করেন । শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ানেট নিউজ । তিনি বলেন , “ইউনুস সরকার এখন ভালো অবস্থানে নেই । তারা তাদের দেশের মানুষের আস্থা হারাচ্ছে এবং সেই অস্থিরতা থেকে মুখ ঘুরানোর জন্য তারা উগ্রপন্থীদের দিয়ে উস্কানি ছড়ানোর চেষ্টা করছে ।”
শোভন দেব চট্টোপাধ্যায় আরও জানান , “আমাদের সীমায় যদি আমরা কাঁটার বেড়া বসাই , এতে তাদের কি ? আমরা তো তাদের জমিতে গিয়ে কিছু করছি না । কিন্তু সম্প্রতি বাংলাদেশ ভারতকে কাঁটা তারের বেড়া বসাতে বাধা দিচ্ছে , বারবার কাজ আটকে দিচ্ছে ।” তিনি বিস্ফোরক দাবি করে বলেন , “বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পেছনে কিছু কিছু দেশের ইন্ধন রয়েছে বলে আমার মনে হয় ।” তার মতে , এই পরিস্থিতিতে ভারত সরকারকে আরও পজিটিভপদক্ষেপ গ্রহণ করা উচিত ।
প্রসঙ্গত , আইন অনুযায়ী সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে ফসল চাষ ছাড়া সীমান্তবর্তী কোনো দেশ তাদের সীমানায় বেড়া কিংবা কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। কিন্তু বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে সীমান্তে স্থাপনা নির্মাণের চেষ্টা করেন ।


