বাংলাদেশে, প্রস্তুত খাদ্য এবং কোল্ড চেইন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বন্টন ফুডস লিমিটেডকে সম্ভাব্যতা সমীক্ষার জন্য অনুদান দেবে যুক্তরাষ্ট্রের ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এজেন্সি (ইউএসটিডিএ)। সমীক্ষার লক্ষ্য হলো দুগ্ধজাত পণ্য, মাংস ও অন্যান্য খাদ্যপণ্যের খরচ এবং ক্ষতি কমানো; যা দেশের খাদ্যনিরাপত্তা বৃদ্ধি করবে। এই অনুদান তাপমাত্রা নিয়ন্ত্রিত হিমাগার ভিত্তিক সরবরাহ ব্যবস্থার নেটওয়ার্ক স্থাপনে সহায়তা করবে। বন্টন ফুডস মিনেসোটাভিত্তিক ল্যান্ড ও লেকস ভেঞ্চার ৩৭-কে এই সমীক্ষা পরিচালনার জন্য নির্বাচন করেছে। এই সমীক্ষা বাইডেন-হ্যারিস প্রশাসনের ফিড দ্য ফিউচার উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন – বাংলাদেশে যথাযথ তাপমাত্রা নিয়ন্ত্রিত সরবরাহ ব্যবস্থার অভাবে ফসল কাটার পর ক্ষতি হয়; যা খাদ্যনিরাপত্তায় প্রভাব ফেলে এবং কৃষি ও ভোক্তাপণ্যের বাণিজ্যকে সীমিত করে। কোল্ড চেইন অবকাঠামো বাংলাদেশের কৃষি উৎপাদনকারীদের তাদের কৃষিপণ্যের নিরাপত্তা ও মান নিশ্চিত করে রপ্তানিতে বৈচিত্র্য আনার সুযোগ দেবে। হেলেন লাফেভ আরও বলেন – এই সমীক্ষা কোল্ড চেইনে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বৃদ্ধির সুযোগ চিহ্নিত করবে; যা বাংলাদেশের দ্রুত বর্ধমান মধ্যবিত্ত শ্রেণির ভোক্তা চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রের হিমায়িত পণ্যের জন্য একটি স্থিতিশীল সরবরাহ ব্যবস্থার নেটওয়ার্ক তৈরি করবে।
ইউএসটিডিএ’র পরিচালক এনোহ টি. এবোং বলেছেন – বাংলাদেশের খাদ্য নিরাপত্তা উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ সহজ করা জরুরি। আমরা আশা করি, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাংলাদেশে তাজা খাদ্য সরবরাহের প্রাপ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে বর্তমানে ৩০০টিরও বেশি স্থানে ২ দশমিক ৭ মিলিয়ন মেট্রিক টন সক্ষমতার হিমাগার থাকলেও গ্রামীণ এলাকায় কোল্ড চেইন সেবার যথেষ্ট অভাব রয়েছে। ইউএসটিডিএ’র অর্থায়নে এই সমীক্ষা দেশের বিভিন্ন স্থানে তৃতীয় পক্ষের সরবরাহ ব্যবস্থায় হিমাগার সুবিধা সম্প্রসারণে সহায়ক হবে।


