মানুষের জীবনে ঘুম কেবল শারীরিক বিশ্রামের মাধ্যম নয়; এটি আমাদের মানসিক ও আবেগগত স্থিতিশীলতার জন্য এক অপরিহার্য প্রক্রিয়া। আধুনিক জীবনের অস্থিরতা, প্রযুক্তি ব্যবহার, কাজের চাপ এবং সামাজিক প্রতিযোগিতা মানুষের ঘুমের ধরণ ও মানকে প্রভাবিত করছে। গবেষণায় দেখা গেছে নিদ্রাহীনতা (insomnia), স্বপ্নের অস্বাভাবিকতা এবং ঘুমের চক্রের ব্যাঘাত, এগুলো সরাসরি মানুষের মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত।
মানুষের ঘুম মূলত দুটি পর্যায়ে বিভক্ত, REM (Rapid Eye Movement) এবং Non-REM। Non-REM পর্যায়ে দেহের পুনর্নির্মাণ, কোষের মেরামত এবং শক্তি পুনরায় অর্জনের প্রক্রিয়া ঘটে। অন্যদিকে REM ঘুম মূলত মস্তিষ্কের মানসিক প্রক্রিয়া ও আবেগ প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত। এই পর্যায়ে স্বপ্ন দেখা হয় এবং আমাদের আবেগ, স্মৃতি এবং শিখন প্রক্রিয়ার স্থিতিশীলতা বজায় থাকে। গবেষণায় দেখা গেছে, REM ঘুমের অভাব মানুষের আবেগ নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে।
যারা দীর্ঘ সময় REM ঘুম হারান, তারা সহজেই উদ্বেগ, দুঃখ বা ক্রোধের শিকার হতে পারেন। ঘুমের অভাব কেবল মানসিক চাপ বৃদ্ধি করে না বরং এটি প্রতিবিম্বের মানসিক রোগ বিষণ্নতা ও উদ্বেগজনিত রোগ এর ঝুঁকি বাড়ায়।
আর Insomnia একটি সাধারণ ঘুমের সমস্যা, যা কেবল ঘুম আসা বা ঘুম ধরে রাখা সমস্যা নয়, বরং এটি মনস্তাত্ত্বিক অবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। গবেষণা অনুযায়ী, যারা নিয়মিতভাবে ৬ ঘণ্টার কম ঘুমান, তাদের মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ এবং আবেগগত স্থিতিশীলতার অভাব দেখা যায়।নিদ্রাহীনতার শিকার ব্যক্তি প্রায়ই আবেগগত সংবেদনশীলতা বেশি অনুভব করেন এবং তারা ক্ষুদ্র ঘটনাকে অতিমূল্যায়ন করে মানসিক চাপের মধ্যে পড়ে যান।
একটি গুরুত্বপূর্ণ দিক হলো নিদ্রাহীনতা এবং বিষণ্নতার মধ্যে দ্বিমুখী সম্পর্ক। নিদ্রাহীনতা মানসিক রোগের ঝুঁকি বাড়ায়, আবার মানসিক রোগও ঘুমের ব্যাঘাত ঘটায়। এটি বায়োলজিক্যাল ফিডব্যাক লুপ তৈরি করে, যেখানে মানসিক চাপ এবং ঘুমের অভাব একে অপরকে বাড়িয়ে তোলে।
স্বপ্নকে প্রায়শই শুধুমাত্র দৈনন্দিন জীবনের প্রতিফলন মনে করা হয়। কিন্তু সাম্প্রতিক মনস্তাত্ত্বিক গবেষণা দেখিয়েছে, স্বপ্ন আবেগ প্রক্রিয়াকরণ এবং স্মৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম। REM ঘুমে দেখা স্বপ্ন মানুষের দৈনন্দিন অভিজ্ঞতা, আবেগ এবং সমস্যার সঙ্গে যুক্ত থাকে। একজন ব্যক্তি যদি দিনের মধ্যে উচ্চ মানসিক চাপের মধ্যে থাকে, REM ঘুমে তার স্বপ্ন সেই চাপের প্রতিফলন দেখাতে পারে।
স্বপ্নের এই প্রক্রিয়া মানুষের মানসিক রোগ প্রতিরোধে সহায়ক। এটি আবেগগত চাপ হ্রাস করে, স্মৃতিকে পুনর্বিন্যস্ত করে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। তবে REM ঘুমের অভাব বা স্বপ্নের ব্যাঘাত যেমন অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক অসুস্থতার ঝুঁকি বাড়াতে পারে। এছাড়াও যাদের ঘুম অস্থির বা বিভ্রান্ত স্বপ্নপূর্ণ হয়, তাদের মধ্যে PTSD বা উদ্বেগজনিত সমস্যার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি দেখা যায়।
বহু গবেষণায় প্রমাণিত হয়েছে ঘুমের ঘাটতি (Sleep Deprivation) এবং বিভিন্ন মানসিক রোগ যেমন ডিপ্রেশন, উদ্বেগ, PTSD (Post-Traumatic Stress Disorder) এবং বায়োপোলার ডিজঅর্ডার-এর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ঘুমের অভাব মস্তিষ্কের Amygdala অংশকে অতিসক্রিয় করে, যা আবেগ এবং ভয় প্রতিক্রিয়ার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। একই সময়ে Prefrontal Cortex এর কার্যকারিতা কমে যায়, যার ফলে সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং আবেগ নিয়ন্ত্রণ দুর্বল হয়।
শিক্ষা ও কর্মক্ষেত্র সম্পর্কিত চাপও ঘুমের মানকে প্রভাবিত করে। যারা অতিরিক্ত ওভারটাইম কাজ করেন, তাদের ঘুমের সময় হ্রাস পায়, যা দীর্ঘমেয়াদে উদ্বেগ, একাকিত্ব এবং মানসিক ক্লান্তি তৈরি করতে পারে। ঘুমের ঘাটতি শিশুরা এবং কিশোরদের মধ্যে শিক্ষাগত দক্ষতা ও আবেগগত স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
আজকের সমাজে প্রযুক্তির আধিপত্য, রাতের দীর্ঘ কাজ, ফোন বা কম্পিউটারের নীল আলো এবং সামাজিক চাপ মানুষের ঘুমকে প্রভাবিত করছে। বিশেষ করে তরুণ প্রজন্মে নিদ্রাহীনতা, ঘুমের অনিয়ম এবং স্বপ্নের ব্যাঘাত অত্যন্ত সাধারণ সমস্যা। এই সমস্যাগুলো মানসিক চাপ এবং উদ্বেগকে আরও তীব্র করে তোলে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সক্রিয় থাকা, রাতের নীল আলো এবং অনিয়মিত খাদ্যাভ্যাস ঘুমের ঘাটতি আরও বৃদ্ধি করছে।
গবেষকরা ঘুম এবং মানসিক স্বাস্থ্যকে সমন্বিতভাবে উন্নত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি প্রস্তাব করেছেন, ঘুমের নিয়মিত সময়সূচি বজায় রাখা।নির্দিষ্ট সময়ে ঘুমানো ও জাগার অভ্যাস মস্তিষ্কের অভ্যন্তরীণ ঘড়ি সুসংহত রাখে। বাতি এবং প্রযুক্তি ব্যবহার কমানো। নীল আলো মেলাটোনিন উৎপাদন কমায়, যা ঘুমের প্রক্রিয়াকে ব্যাহত করে। সক্রিয় জীবনযাপন এবং নিয়মিত ব্যায়াম করা ঘুমের মান উন্নত করে এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়ক।
এই পদক্ষেপগুলো শুধুমাত্র ঘুমের মান বাড়ায় না, বরং মানসিক রোগ প্রতিরোধ এবং আবেগ নিয়ন্ত্রণেও সাহায্য করে। ঘুম, নিদ্রাহীনতা, স্বপ্ন এবং মানসিক রোগের সম্পর্ক কেবল শারীরিক নয়, বরং গভীরভাবে মনস্তাত্ত্বিক। নিদ্রাহীনতা এবং ঘুমের ব্যাঘাত আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে, তবে সঠিক ঘুমের অভ্যাস, নিয়মিত REM ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এটি প্রতিরোধযোগ্য। আধুনিক জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায়, ঘুমের গুরুত্বকে সঠিকভাবে বোঝা এবং মানসিক স্বাস্থ্যকে সমান্তরালভাবে উন্নত করা একান্ত প্রয়োজন।


