শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। একটি গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। বাগেরহাটে অবস্থিত বাংলাদেশ চিংড়ি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল ইসলাম এ গবেষণা পরিচালনা করেন। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বলা হয় — গবেষণায় দেখা গেছে, ২৬০টি নমুনার মধ্যে ১৩ শতাংশে বালাইনাশকের (কীটনাশক) উপস্থিতি পাওয়া গেছে। যা থেকে ক্যানসার হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট এবং নাটোরের চলনবিল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে দেখা গেছে, শুঁটকিতে চারটি কীটনাশকের মধ্যে এন্ডোসালফান সালফাইটের পরিমাণ নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। এসব শুঁটকি শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ।


