প্রবাসী আয়ে আবারও শীর্ষ অবস্থানে সৌদি আরব। ২০২২ সালের পর থেকে ব্যাংকগুলোর ভুল রিপোর্টিং এর কারণে যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো থেকে সর্বোচ্চ প্রবাসী আয় দেখানো হচ্ছিল। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় দেশভিত্তিক আলাদাভাবে আয়ের হিসাব করায় গেল মাসে নতুন এ চিত্র উঠে আসে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে ২৭৫ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ ডলার। যা মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ। এক্ষেত্রে, দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার। মোট রেমিট্যান্সের ১২ দশমিক শূন্য ২ শতাংশ বা ৩৩ কোটি ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্টরা জানান, প্রবাসীদের পাঠানো অর্থ বৈধ চ্যানেলে সরাসরি ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউস–এ দুই মাধ্যমে দেশে আসে। দেশের মোট প্রবাসী আয়ের বেশি অংশ আসে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে।


