যেখানে বিজ্ঞানের আলো পৌঁছায় না, সেখানে আজও ছায়ারা ঘোরে। আমাদের গ্রামবাংলার অলিতে গলিতে, বাঁশবনের পাতায়, শীতের রাতের নিস্তব্ধতায় ‘ভূত’ নামে এমন বহু অদৃশ্য অস্তিত্বের বিশ্বাস টিকে আছে। কিন্তু এ ভূতেরাও চিরকালের অতিথি নয়। বাংলার মানুষ জানত, কীভাবে তাদের তাড়াতে হয়, শান্ত করতে হয়, কিংবা বোঝাতে হয় “এখানে আর জায়গা নেই।” যেগুলো আজ প্রায় বিলুপ্ত, কিন্তু কালের সাক্ষী হয়ে টিকে আছে ওঝার ধূপদানি, শ্মশানঘাটের কুয়াশা আর মানুষের স্মৃতিতে।
বাংলায় ভূত মানে একরকম নয়। এই ভূতেরও শ্রেণি আছে, আছে ভিন্ন ভিন্ন রূপ ও আচরণ। শাকচুন্নি হলো বিয়ের আগেই মারা যাওয়া নারী, যে অন্য নারীদের জীবনে হানা দেয়। পেত্নী অনেকটা প্রতিশোধপরায়ণ আত্মা, যাকে হত্যার শিকার বলা হয়। আলভূত সাধারণত শিশুদের টার্গেট করে এবং গাছে বসবাস করে বলে বিশ্বাস। ডাইন ছিল একধরনের কালো জাদু প্রয়োগকারী আত্মা, যে জীবন্ত মানুষকেও জাদুবলে বশ করতে পারে। এসব ভূতের জন্য আলাদা রিচুয়াল ছিল, আলাদা সাবধানতা, আর আলাদা ধরনের ভয়।
বিশ্বাসে বেঁচে থাকা প্রতিরোধ –
ধুনো ও ধূপ:
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই ঘরের কোণে কোণে ধূপ ধরার রীতি ছিল অনেক গ্রামে। সুগন্ধি ধূপে সরিষা, নিমপাতা ও শুকনো লঙ্কা জ্বালিয়ে ঘরের বাতাস ‘শুদ্ধ’ করা হতো। বিশ্বাস ছিল, ভূত ধোঁয়া সহ্য করতে পারে না।
উল্টো কলসি:
রোগাক্রান্ত কাউকে নদীর পাড়ে নিয়ে গিয়ে ওঝা মাটিতে উল্টো করে কলসি বসিয়ে তাতে সাতটি বিশেষ মন্ত্র ফুঁকতেন। বিশ্বাস ছিল যদি কলসি ফেটে যায়, ভূত দেহ ছেড়ে দিয়েছে।
কালো সীমানা ও লাল সুতা:
ভূতের প্রবেশ ঠেকাতে বাড়ির চারপাশে কালি দিয়ে সীমানা টানা হতো। নবজাতকের কোমরে লাল সুতা, গলায় তাবিজ এবং কপালে কালো টিপ দেওয়া হতো ‘আলভূত’ থেকে বাঁচাতে।
বিশেষ কিছু রিচুয়াল সম্পন্ন হতো গভীর রাতে, অনেকসময় শ্মশানের পাশে। তান্ত্রিকরা একে বলতেন শ্মশানমন্ত্র সাধনা। এ সময় শ্মশানের আগুন থেকে কাঠ এনে ঘরে জ্বালানো হতো, যার পবিত্র আগুনে ভূত পালায় বলে বিশ্বাস। কিছু অঞ্চলে মৃতের পোড়ার জায়গার মাটি সংগ্রহ করে তা বাড়ির চারপাশে ছিটানো হতো, যেন মৃত আত্মা ফিরে না আসে।
‘ভূত ধরেছে’ কথাটি নারীর প্রতি সমাজের এক প্রকার দমননীতির মাধ্যম হয়ে উঠেছিল। বিশেষ করে নতুন বউকে ‘শাকচুন্নি ধরেছে’ বলে নির্যাতন চালানো হতো। তাকে আট রাতে আট রঙের শাড়ি পরানো, কাঁচা রসুন দিয়ে ঘষানো, বাঁশবনে দাঁড় করিয়ে বিশেষ মন্ত্র পড়া ইত্যাদি চলতো। এইসব আচারে একদিকে ছিল লোকজ চিকিৎসা, আবার অন্যদিকে ছিল লুকোনো নিপীড়ন।
সন্তান রাতে ঘুমের মধ্যে কাঁদছে, বৃদ্ধা হঠাৎ কথা বলা বন্ধ করে দিয়েছেন, এসব ছিল ভূতের ধরা। এই বিশ্বাস থেকেই শুরু হতো রিচুয়াল। ধান, লবণ, সরিষা দিয়ে শরীর ঝাড়ানো; হাঁস বা পাঁঠা বলি দেওয়া। সরিষার তেল মাথায় ঢেলে চুলায় ফেলা, “ভূতের আগুনে পুড়ুক” এমন ধারণা। আজ এসব ঘটনাকে মানসিক রোগের লক্ষণ বলা হলেও, তখনকার সমাজে রিচুয়ালই ছিল চিকিৎসা ও প্রতিকার।
বাউল-ফকিরদের মধ্যে একটি পৃথক ভাবধারা ছিল, যেখানে ভূত মানে বাইরের কিছু নয়, নিজের ভেতরের ভয়, লালসা, অহং। তারা গান, সাধনা আর দেহতত্ত্বে ভূত তাড়াতেন মনকে পবিত্র রাখার মাধ্যমে।
আজ এই রিচুয়ালগুলো হয়ত লোকবিশ্বাস হিসেবে পাঠ্যবইয়ে স্থান পেয়েছে, কিন্তু অনেক গ্রামেই এখনও ওঝা ডাকানো হয়। শিশুর কপালে এখনো কালো টিপ, গলায় তাবিজ, পেছনের দরজায় উল্টো ঝাড়ু, এসব প্রথা এখনো বহন করে লোকমানসের ভয় আর প্রতিরোধ। এমনকি শহরেও কোনো কোনো বাড়িতেও অস্বাভাবিক কিছু ঘটলে “ এবার তাবিজ-পুঁতির দিকটাও দেখাও” বলা হয়। ভূত তাড়ানোর এই চর্চাগুলো এখন anthropology, folklore studies, এবং cultural psychiatry-র গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়।
গ্রামবাংলার ভূত তাড়ানোর রিচুয়ালগুলো শুধুই অতিপ্রাকৃত নয় তারা সামাজিক, মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক। এই রিচুয়ালগুলো আমাদের ভয়কে সংগঠিত করত, ভয়কে নিয়ন্ত্রণযোগ্য করত। তাই এই রিচুয়াল মানে শুধুই ভূত নয়, বরং ভয়কে মোকাবেলার এক চিরায়ত পদ্ধতি।আজ তারা হারিয়ে গেলেও, কোথাও যেন এখনো বাঁশবনের ভেতর একটা ধূপের ধোঁয়া হয়ে উড়ছে। সে ধোঁয়ার গন্ধেই হয়তো কোনো একদিন আমরা চিনে ফেলবো নিজেরই কোনো হারিয়ে যাওয়া ভয়কে।


